কামালের নিন্দায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
সিইসির সঙ্গে বৈঠকে পুলিশকে নিয়ে বিরূপ মন্তব্যের জন্য জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা কামাল হোসেনের নিন্দা জানিয়েছে রাষ্ট্রীয় এই বাহিনীর সদস্যদের সংগঠনগুলো।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিন্দা জানিয়ে বুধবার দুটি বিবৃতি দেওয়া হয়।
মঙ্গলবার নির্বাচন ভবনে বৈঠকে প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরার এক পর্যায়ে সিইসির সঙ্গে তর্কাতর্কিতে জড়ান গণফোরাম সভাপতি কামাল।
এসময় তিনি নারায়ণগঞ্জের এক এসআইকে ‘জানোয়ার’ বলেছিলেন বলে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ টি ইমাম সাংবাদিকদের জানান।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এবং সাধারণ সম্পাদক উপ কমিশনার প্রলয় কুমার জোয়ারদার এক বিবৃতিতে একাত্তরে প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে পুলিশের ভূমিকা তুলে ধরে এই বাহিনী নিয়ে কামাল হোসেনের মন্তব্যের নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, “ড. কামাল হোসেনের মতো মুক্তিযুদ্ধের একজন সংগঠকের কাছ থেকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য জাতির মনে ভিন্ন চিন্তার উদ্রেক করে।”
নির্বাচন সুষ্ঠু করতে পুলিশের প্রায় দেড় লাখ সদস্যের কাজ করে যাওয়ার তথ্য তুলে ধরে বিবৃতিতে বলা হয়, এই অবস্থায় পুলিশকে ‘জানোয়ার ও লাঠিয়াল বাহিনী’ বলা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দুঃখজনক।
“এ ধরনের আপত্তিকর, অবিবেচনাপ্রসূত মন্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশের মতো জননিরাপত্তা ও জন-শৃঙ্খলা বিধানে সার্বক্ষণিক দায়িত্ব পালনকারী আইন-শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেবার মতো অপপ্রয়াস নেওয়া হয়েছে।”
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম কাজল আলাদা বিবৃতিতে কামাল হোসেনকে পুলিশ বাহিনীর কাছে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।
