২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রী শারমিনের খুনির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

এসএসসি পরীক্ষার্থী রোদেলা শারমিনকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযোগের মুখে থাকা যুবক সোহেলের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়েছে একটি মানববন্ধন থেকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2018, 05:43 PM

Updated : 19 Aug 2022, 02:58 PM

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে এক মানববন্ধনে শারমিনের মা সালমা বেগম, নানি মনোয়ারা বেগম, ছোট ভাই ইয়াছিন, মামা স্বজন ছাড়াও শারমিনের বড় খালা ও ছোট খালা উপস্থিত ছিলেন।

শারমিনের নানি মনোয়ারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “সোহেল আগেও শারমিনকে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করতো। এ কারণে ওয়ারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।”

শারমিনের বাবা সাত্তার হোসেন দুই বছর আগে স্ট্রোক করে মারা যাওয়ার পর শারমিনকে দেখাশুনা করতেন মনোয়ারা। শারমিনকে স্কুলে নিয়ে যাওয়া এবং কখনও কখনও স্কুল থেকে নিয়েও আসতেন তিনি।

ঘটনার দিন শারমিনের স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান হওয়ার কারণে সেদিন তিনি সঙ্গে যাননি।

কান্নাজড়িত কণ্ঠে শারমিনের নানি বলেন,  “প্রতিদিন যাই, আর সেদিনই গেলাম না, আর ঘটলো ঘটনা সেদিনই।”

শারমিনের মা সালমা বেগম মানববন্ধনে বলেন,  “জিডি করার পরও পুলিশ কোনো উদ্যোগ নেয়নি। তাই আমার মেয়েকে মরতে হয়েছে।”

তবে জিডি করার পর পুলিশ ওই যুবককে সতর্ক করেছে বলে জানান ওয়ারী বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. নুরুল আমিন। 

“উদ্যোগ না নেওয়ার যে অভিযোগ তা সত্য নয়।”

ঘটনার আগে সোহেল ওই এলাকায় থাকত না জানিয়ে তিনি বলেন,  “রেললাইনের পাশে ওই যুবকের দোকান ছিল। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানে সোহেলের দোকানও উচ্ছেদ করে দেয়। পরে সোহেল ওই এলাকা ছেড়ে চলে যায়।”

“সেই দিন বাহির থেকে এসে হুট করে ঘটনাটি ঘটনায়”, বলেন এই পুলিশ কর্মকর্তা।

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় গত মঙ্গলবার বিকালে রাজধানীর ওয়ারী থানাধীন গোপীবাগে সোহেল নামের ওই যুবক বটি দিয়ে কুপিয়ে ১৫ বছরের রোদেলাকে হত্যা করে বলে অভিযোগ।

উত্তেজিত জনতা এ সময় সোহেলকে পিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।

শারমিন কে এম দাশ লেনের একটি বাড়িতে তার পরিবারের সঙ্গে থাকতেন। ওই এলাকার শহীদ কাজী আরেফ আহমেদ উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন তিনি। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ।

পুরনো খবর:

‘প্রেম প্রস্তাবে সাড়া না দেওয়ায়’ স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা