ওয়াজ নিয়ে ‘অপপ্রচারে’ বিপাকে ইসি
ভোটের আগে ওয়াজ মাহফিল নিয়ে ‘বিভ্রান্তিমূলক প্রচারে’ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা থেকে নির্বাচন কমিশন বলেছে, ধর্মীয় অনুষ্ঠানের বিষয়ে কোনো বিধি-নিষেধ নেই।
তবে শান্তিপূর্ণ পরিস্থিতি রাখতে ধর্মীয় সভা কিংবা ওয়াজ মাহফিল ভোটের পর করার অনুরোধ জানিয়েছে নির্বাচন পরিচালনাকারী সাংবিধানিক সংস্থাটি।
আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। তার আগে মাসজুড়েই থাকবে প্রচার প্রচারণা। আবার শীতের এই সময়টাই দেশে ওয়াজ মাহফিলের মৌসুম।
ওয়াজ মাহফিলে কোনো ধরনের নির্বাচনী প্রচার যেন না করা হয়, সে জন্য গত ১৯ নভেম্বর একটি নির্দেশনা মাঠ পর্যায়ে পাঠিয়েছিল ইসি।
ওই নির্দেশনা ধরে ওয়াজ মাহফিলে নিষেধাজ্ঞার অপপ্রচার শুরু হয় বলে ইসি কর্মকর্তাদের নজরে আসে।
এরপর মঙ্গলবার এ সংক্রান্ত আরেকটি নির্দেশনা রিটার্নিং কর্মকর্তাসহ মাঠ পর্যায়ের প্রশাসন ও পুলিশের কাছে পাঠানো হয় ইসি সচিবালয় থেকে।
ইসির যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান নির্দেশনায় বলেছেন, “ধর্মীয় সভা, ওয়াজ মাহফিল বা উক্তরূপ জমায়েতের বিষয়ে একটি মহল বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে। এ ধরনের অপপ্রচারের ফলে নির্বাচন কমিশন সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি, সামাজিক বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা থাকে।
“প্রকৃতপক্ষে ধর্মীয় সভা, ওয়াজ মাহফিল বা উক্তরূপ জমায়েতের বিষয়ে নির্বাচন কমিশন কোনো নিষেধাজ্ঞা আরোপ করেননি। পূর্ব নির্ধারিত অথবা ইতোমধ্যে অনুমোদিত ধর্মীয় সভা, ওয়াজ মাহফিল বা উক্তরূপ জমায়েত অথবা অনুরূপ কোনো অনুষ্ঠান আয়োজনে বাধা নেই।”
আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা অথবা স্থানীয় প্রশাসন-পুলিশের অনুমতি নিতে বলেছে ইসি।
সেই সঙ্গে কোনো প্রার্থীর পক্ষে-বিপক্ষে যেন বক্তব্য বা প্রচার চালানো না হয়, তা নজরে রাখতে নির্বাহী হাকিম নিয়োজিত রাখতে বলা হয়েছে।
