২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কবি ভূমেন্দ্র গুহ পুরস্কার পাচ্ছে বিপিএলের ‘পারস্যে রবীন্দ্রনাথ’

ভারতের পশ্চিমবঙ্গের ‘কবি ভূমেন্দ্র গুহ পুরস্কার’ পাচ্ছে বিডিনিউজ টোয়েন্টিফোর পাবলিশিং লিমিটেড (বিপিএল) থেকে প্রকাশিত বই ‘পারস্যে রবীন্দ্রনাথ’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2018, 08:24 PM

Updated : 11 Oct 2022, 12:47 PM

কলকাতার ‘সাংস্কৃতিক খবর’-এর পক্ষ থেকে এই পুরস্কার পাচ্ছেন লেখক আনিসুর রহমান স্বপন।

ভারত সরকারের পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠেয় ৩২তম বাংলা কবিতা উৎসবে ২ ডিসেম্বর এই পুরস্কার তুলে দেওয়া হবে।

সাংস্কৃতিক খবরের পক্ষ থেকে ইতোমধ্যে সল্টলেকের ওই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পেয়েছেন লেখক আনিসুর রহমান স্বপন।

আমন্ত্রণ পত্রে লেখা হয়েছে, “উৎসব মঞ্চে আপনার পারস্য রবীন্দ্রনাথ গ্রন্থটির জন্য কবি ভূমেন্দ্র গুহ পুরস্কার অর্পণ করে আপনার সাহিত্যকেন্দ্রিক কাজকর্মকে শ্রদ্ধা জানাতে চাই।”

কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পারস্য ভ্রমণ নিয়ে স্বপনের লেখা বইটি প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারিতে।

বইয়ের ভূমিকায় লেখা হয়, “সত্তর বছর বয়সে, অশক্ত শরীরে ১৯৩২’র এপ্রিলে পারস্য ভ্রমণ করেন রবীন্দ্রনাথ। মধ্যযুগে বাংলার সম্রাটের আহ্বানে শিরাজের কবি হাফিজ অপারগ হলেও পারস্য নৃপতির নিমন্ত্রণ অগ্রাহ্য করেননি বাঙালির প্রতিদিনের সূর্য।

Image
লেখক আনিসুর রহমান স্বপন

লেখক আনিসুর রহমান স্বপন

“পারস্য, অধুনা ইরানে রবীন্দ্র চর্চা আর রবির বিভার তালাশ করেছেন কর্মসূত্রে তেহরানে দশক কাটানো আনিসুর রহমান স্বপন। প্রায় দুর্লঙ্ঘ্য ভাষিক দূরত্ব আর মহাফেজখানার মালিন্যের মধ্য থেকে উদ্ভাসিত হয়েছে বিবস্বানের দীপ্ত কিরণ।”

১৯৫৭ সালের ৩০ জানুয়ারি ঢাকায় জন্ম নেওয়া আনিসুর রহমান স্বপনের লেখাপড়া বরিশাল ব্রজমোহন স্কুল ও ব্রজমোহন কলেজে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণা অসমাপ্ত রেখে ১৯৮৬-৯৬ পর্যন্ত এক দশক তেহরানে ছিলেন তিনি। সেই সময় লেখক কাজ করতেন ‘রেডিও তেহরানে’র বাংলা বিভাগে।

বাংলাদেশ, ভারত ও ইরানের পত্র-পত্রিকায় বিভিন্ন ভাষায় ও বিষয়ে প্রকাশিত তার মৌলিক ও অনুবাদ লেখার সংখ্যা প্রায় অর্ধশতাধিক।

‘একটি মোরগের কাহিনী’, ‘পারলৌকিক জীবন’, ‘ফার্সী ভাষার ব্যকরণ’, ‘তাহেরে সফরজাদেহ: স্বনির্বাচিত কবিতা’ এবং ‘বাংলাদেশে ফার্সী ভাসা ও সাহিত্য’ রয়েছে স্বপনের অন্যান্য বইয়ের মধ্যে।