২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওয়েবসাইট নকল করে ভুয়া খবর প্রকাশে’ গ্রেপ্তার এনামুল রিমান্ডে

দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের ওয়েবসাইট নকল করে উদ্দেশ্যমূলক ভুয়া খবর প্রকাশের অভিযোগে গ্রেপ্তার এনামুল হককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2018, 07:00 PM

Updated : 08 Apr 2022, 07:23 PM

ঢাকার বিচারিক হাকিম রাজীব হাসান রোববার তার এই রিমান্ড মঞ্জুর করেন।

দক্ষিণ কোরিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণারত এনামুলকে শনিবার গ্রেপ্তারের পর র‌্যাব বলেছে, অন্তত ২২টি ওয়েবসাইট নকল করে সেগুলো চালাতেন এনামুল। ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত এনামুল ওয়েবসাইট চালিয়ে পাওয়া অর্থের একটি বড় অংশ সংগঠনের তহবিলে দিতেন।

এনামুলের বিরুদ্ধে কমলাপুর রেলওয়ে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বলা হয়েছে,  ওয়েবসাইট নকল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মন্ত্রিসভার বিভিন্ন সদস্যকে কটূক্তিসহ তাদের হেয় করার জন্য ভুয়া, উদ্দেশ্যমূলক খবর প্রকাশ করতেন তিনি।

রোববার তাকে আদালতে হাজির করে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান। অপরদিকে রিমান্ড আবেদন বাতিল করে এনামুলের জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী।

উভয় আবেদনের শুনানি নিয়ে বিচারক জামিন আবেদন নাকচ করে এনামুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানিয়েছেন।