২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যমে জেন্ডার সংবেদনশীলতার অভাব রয়েছে: তাসমিমা

এখনো বাংলাদেশের গণমাধ্যমে জেন্ডার সংবেদনশীলতার অভাব রয়েছে বলে মনে করেন দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2018, 07:11 PM

Updated : 19 Aug 2022, 02:56 PM

বৃহস্পতিবার নারী সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ে এক পরামর্শ সভায় তিনি বলেন, “সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় দেশে অনেক আইন রয়েছে। তবে সেগুলোর যথাযথ বাস্তবায়ন হচ্ছে কি না তা ফলোআপ করা হয় না।

“অনেক ক্ষেত্রে পুরুষ সহকর্মীদের জেন্ডার সংবেদনশীলতার অভাব রয়েছে।”

রাজধানীর লেকশোর হোটেলে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ‘আর্টিকেল নাইনটিন’ আয়োজিত ওই পরামর্শ সভায় বক্তব্য দেন তাসমিমা।

সভায় বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে নারীর নিরাপত্তা ও সুরক্ষা পরিস্থিতির তুলনামূলক চিত্র নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরেন আর্টিকেল নাইনটিনের প্রোগ্রাম অফিসার মরিয়ম শেলি।

ওই প্রতিবেদনে দেশের মূলধারার ছয়টি গণমাধ্যম কার্যালয় সরেজমিন পরিদর্শন, প্রতিষ্ঠানের নীতি-নির্ধারকদের সঙ্গে মতবিনিময় এবং নিজেদের প্রতিষ্ঠানের কর্মপরিবেশ, সুযোগ-সুবিধা, প্রতিবন্ধকতা প্রভৃতি বিষয়ে কর্মরত ৪৬ জন নারী সাংবাদিকের সাক্ষাৎকার নেওয়া হয়।

প্রতিবেদনে নারী সাংবাদিকদের কাজের ক্ষেত্রে বড় দাগে ১২টি ঝুঁকি চিহ্নিত করা হয়েছে বলে মরিয়ম শেলি জানান।

চারিত্রিক কালিমা লেপন, শারীরিকভাবে লাঞ্ছিত করা, পেশাগত কারণে হত্যা, পরিবার-পরিজনকে হুমকি, চাকরির অনিশ্চয়তা, পারিবারিক বাধা এবং অনলাইনে হয়রানি রয়েছে ঝুঁকির এই তালিকায়।

পরামর্শ সভায় নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা বলেন, “সব গণমাধ্যমে নারীদের কমপক্ষে ৩০ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এর সঙ্গে ওয়েজবোর্ডের সুনির্দিষ্ট বাস্তবায়নও দরকার।”

প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, “ইলেকট্রনিক মিডিয়ার প্রসারে নারীদের কাজের সুযোগ বেড়েছে। তবে পেশাগত মৌলিক নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। এ অবস্থা নিরসনে গণমাধ্যম ব্যবস্থাপনায় শুদ্ধি অভিযান এবং প্রেস ক্লাবসহ সাংবাদিক সংগঠনগুলোকে ভূমিকা রাখতে হবে।”

চলমান #মি টু আন্দোলনের প্রেক্ষাপট টেনে অনুষ্ঠানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান প্রতিবেদক আবদুর রহিম হারমাছি বলেন, “বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করতে নারীদের আরও সাহসী ভূমিকা পালন করতে হবে।”

আর্টিকেল নাইনটিনের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে একুশে টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক শেখ জাহিদুর রহমান, কালের কণ্ঠের প্রধান প্রতিবেদক আজিজুল পারভেজ, বাংলাদেশ এনজিও নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান, ঢাকা ট্রিবিউনের জ্যেষ্ঠ সহ-সম্পাদক ইশা অরোরা বক্তব্য দেন।