২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিকআপের সিলিন্ডার বিস্ফোরণ, গ্যাসে অসুস্থ ৮ জন

রাজধানীর বনানীতে একটি পিকআপ ভ্যানের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়া গ্যাসে অন্তত আটজন অসুস্থ হয়ে হাসপাতালে গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2018, 08:03 PM

Updated : 08 Apr 2022, 07:15 PM

বৃহস্পতিবার দুপুরে নৌবাহিনীর সদর দপ্তরের সামনে মহাখালীগামী ওই ভ্যানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, বনানীতে ওই ঘটনার পর আটজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কারও সমস্যাই গুরুতর নয়।

“তাদের শ্বাসকষ্ট হচ্ছিল। বর্তমানে সুস্থ আছেন বলে ডাক্তার জানিয়েছেন। যে কোনো সময় তাদের ছেড়ে দেওয়া হবে।”

হাসপাতালে চিকিৎসা নিতে আসা মোজাম্মেল হক (৩৫) নামে একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তায় যানজটের মধ্যে ওই গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হলে গ্যাস ছড়িয়ে পড়ে।তাতে আশপাশে থাকা অনেকের সঙ্গে তারও শ্বাসকষ্ট শুরু হয়।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসা বাকি সাতজন হলেন- মো. খোকন (৩২), আব্দুর রব (৪৫), আব্দুর কাশেম (৫০), সাইদুল (৩০), মো. বিল্লাল (২৪), মো. করিম (৩২) এবং মো. সোহেল (৩৩)।

বনানী থানার ওসি ফরমান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিস্ফোরণে ওই পিকআপ ভ্যানের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। বিষয়টি তারা তদন্ত করে দেখছেন।