২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা আদালতে যাচ্ছেন না: বিএসএমএমইউ

জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ-আল-হারুন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2018, 11:12 AM

Updated : 19 Aug 2022, 02:48 PM

সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “উনি অসুস্থ, কোর্টে যাবেন না ।”

কারা কর্তৃপক্ষ বার বার খালেদাকে আদালত কক্ষে নিতে ব্যর্থ হওয়ায় তার অনুপস্থিতিতেই এ মামলার শেষ দিকের কার্যক্রম চালিয়ে নেয় আদালত।

কয়েকটি ধার্য তারিখে আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন না করায় বিচারক গত ১৮ অক্টোবর এ মামলার বিচারিক কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করে ২৯ অক্টোবর রায়ের দিন রাখেন।

ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামানের সোমবার বেলা ১১টার পর কোনো এক সময় নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে বসানো অস্থায়ী এজলাস থেকে এ মামলার রায় ঘোষণা করবেন।

আসামি কারাগারে থাকলে তার উপস্থিতিতেই রায় পড়ে শোনানোর নিয়ম। তবে বিচারক যেহেতু খালেদা জিয়ার অনুপস্থিতিতে এ মামলার বিচার চালানোর সিদ্ধান্ত আগেই দিয়েছেন, সেহেতু রায় ঘোষণায় কোনো আইনি সমস্যা দেখছেন না অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। 

জিয়া দাতব্য ট্রাস্টের নামে অবৈধভাবে সোয়া তিন কোটি টাকা লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় সর্বোচ্চ সাত বছর সাজা হতে পারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ এ মামলার চার আসামির।

রায় ঘিরে ইতোমধ্যে ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিচারকও ইতোমধ্যে আদালতে উপস্থিত হয়ে খাস কামরায় অবস্থান করছেন বলে জানা গেছে।  

সকাল ৮টা থেকেই পলাশীর মোড়, বকশিবাজার মোড়, শিক্ষাবোর্ডের সামনে, চকবাজার, মৌলভীবাজার বাজার মোড়ে, নয়াবাজার এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে দেখা যাচ্ছে। আদালতের আশপাশের ভবনের ছাদেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন বলে পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান জানিয়েছেন।

পুরনো কারাগারের আশপাশের এলাকায় যানবাহন চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (পেট্রোল) মো. সানোয়ার হোসেন বলেছেন, রায়কে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য সব ব্যবস্থাই তারা নিয়েছেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজায় গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি। চিকিৎসার জন্য গত ৬ অক্টোবর থেকে তাকে কারা তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) রাখা হয়েছে।

মামলার চার আসামির মধ্যে খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী পলাতক। হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আছেন কারাগারে।

পুরনো খবর:

জিয়া দাতব্য ট্রাস্ট: খালেদার রায় ঘোষণার বাধা কাটলো
দুর্নীতির আরেক মামলায় রায়ের সামনে খালেদা
আপাতত খালেদার চিকিৎসা আগের ব্যবস্থাপত্রেই, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত
খালেদাকে কারাগার থেকে বিএসএমএমইউতে স্থানান্তর