২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া দাতব্য ট্রাস্ট: খালেদার রায় ঘোষণার বাধা কাটলো

কারাবন্দি খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চালানোর প্রশ্নে তার আইনজীবীদের করা লিভ টু আপিল সর্বোচ্চ আদালতে খারিজ হয়ে গেছে।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2018, 09:20 AM

Updated : 11 Oct 2022, 12:43 PM

পুরনো খবর:

খালেদার অনুপস্থিতিতে বিচার: আপিল বিভাগের সিদ্ধান্ত সোমবার

এর ফলে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে সোমবার এ মামলার রায় ঘোষণায় আর কোনো আইনি বাধা থাকল না বলে আইনজীবীরা জানিয়েছেন।

কারা কর্তৃপক্ষ বার বার খালেদাকে আদালত কক্ষে আনতে ব্যর্থ হওয়ায় তার অনুপস্থিতিতেই বিচার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত দিয়েছিল জজ আদালত। খালেদার আইনজীবীরা ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করলে হাই কোর্টে তা খারিজ হয়ে যায়।

এরপর হাই কোর্টের খারিজ আদেশের বিরুদ্ধে আপিলের আবেদন করেছিলেন খালেদার আইনজীবীরা। সে বিষয়ে শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচাপতির আপিল বেঞ্চ সোমবার তা খারিজ করে দেয়।

আদেশের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু বিচারিক আদালতের সামনে এ মামলা সংক্রান্ত উচ্চতর আদালতের কোনো স্থগিতাদেশ নেই, তাই রায় ঘোষণায় কোনো বাধা নেই।”

খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, “হাই কোর্টে আবেদনটি খারিজ হওয়ার পর ভেবেছিলাম সর্বোচ্চ আদালতে প্রতিকার পাবেন। কিন্তু এখানেও তিনি প্রতিকার পাইনি। অর্থাৎ, খালেদা জিয়া কোথাও প্রতিকার পাচ্ছেন না।”

এই আদেশ পুনর্বিবেচনা চেয়ে আবেদন করা হবে কিনা জানতে চাইলে জয়নুল বলেন, “সিনিয়রদের সাথে বসে আলোচনা করব। আমরা মনে করি এটা রিভিউ করা দরকার।”

এ আবেদনের ওপর শুনানিতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল ও এ কে এম এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান।

সোমবার বেলা ১১টার পর কোনো এক সময় নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে বসানো জজ আদালতের অস্থায়ী এজলাস থেকে বিচারক মো. আখতারুজ্জামান এ মামলার রায় ঘোষণা করবেন।

জিয়া দাতব্য ট্রাস্টের নামে অবৈধভাবে সোয়া তিন কোটি টাকা লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় সর্বোচ্চ সাত বছর সাজা হতে পারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজায় গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি। চিকিৎসার জন্য কারা তত্ত্বাবধানে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রাখা হয়েছে।

কয়েকটি ধার্য তারিখে আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন না করায় বিচারক গত ১৮ অক্টোবর এ মামলার বিচারিক কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করে ২৯ অক্টোবর রায়ের দিন রাখেন।

মামলার চার আসামির মধ্যে খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী পলাতক। হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আছেন কারাগারে।