নারায়ণগঞ্জে ৪ লাশ: ঘটনা অনুসন্ধানে পুলিশের কমিটি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে যে চার যুবকের লাশ পাওয়া গেছে, তাদের খুনের কারণ খুঁজে বের করতে একটি কমিটি করেছে পুলিশ।
নিহতদের স্বজনরা আইনশৃঙ্খলা বাহিনীর দিকে অভিযোগের আঙুল তোলার প্রেক্ষাপটে বুধবার পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি আবদুল্লাহ আল মামুন এই অনুসন্ধান কমিটি গঠন করে দেন।
তিন সদস্যের এই কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মো. আবুল কালাম সিদ্দিককে; সদস্য রয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন এবং ঢাকা রেঞ্জের সহকারী পুলিশ সুপার (অপরাধ) মো. তাইজুল ইসলাম।
কমিটি গঠনের আদেশে দেখা যায়, তাদের সাত দিনের মধ্যে ডিআইজির কাছে মতামতসহ ‘বস্তনিষ্ঠ প্রতিবেদন’ দাখিল করতে বলা হয়েছে।
আদেশে বলা হয়, “২১ অক্টোবর অজ্ঞাতনামা লাশ পাওয়ার পর বিভিন্ন পত্রিকায় নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়। আর এ কারণে ঘটনা অনুসন্ধান করার জন্য তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।”
আড়াইহাজারের পাঁচরুখী গ্রামের মহাসড়কের পাশে যাদের লাশ পাওয়া গেছে, তাদের মধ্যে তিনজন পাবনার আতাইকুলা থানা এলাকার। তারা হলেন ধর্মগ্রাম মধ্যপাড়ার ফারুক খোন্দকার ওরফে ফারুক হোসেন (৩৫), সবুজ সরদার (৩০) ও জহিরুল ইসলাম (৩৫)। ফারুক নারায়ণগঞ্জে থাকতেন, সবুজ ও জহুরুল পাবনায় বেকারি দোকানে কাজ করতেন।
নিহত আরেকজন মাইক্রোবাস চালক লুৎফর রহমান মোল্লা (৩৭)। তিনি ঢাকার রামপুরায় থাকতেন।
চারজনকেই মাথার পেছনে শটগান দিয়ে গুলি করা হয়েছিল বলে ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন।
নিহতদের পাবনার স্বজনরা দাবি করেন, তাদের ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছিল বলে তারা জানতে পেরেছেন। এর ভিত্তিতে বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদনও প্রকাশ হয়।
পাবনায় সবুজ ও জহিরের নামে কোনো অভিযোগ পুলিশের কাছেও নেই। দরিদ্র এই দুই যুবক কেন হত্যাকাণ্ডের শিকার হলেন, সে বিষয়ে প্রশ্ন রয়েছে স্থানীয়দের মধ্যে।
