২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খন্দকার মাহবুবও কি ককটেইল মেরেছেন?’

বিএনপি নেতাদের বিরুদ্ধে কয়েকটি মামলার এজাহার পর্যবেক্ষণ করে তা নিয়ে প্রশ্ন তুলে এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মন্তব্য এসেছে হাই কোর্টের কাছ থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2018, 08:56 PM

Updated : 19 Aug 2022, 02:42 PM

বিএনপির তিন আইনজীবীর দায়ের করা একটি রিট আবেদন নিয়ে সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাই কোর্ট বেঞ্চ থেকে এই মন্তব্য আসে।

শুনানির এক পর্যায়ে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বলেন, “খন্দকার মাহবুব বারের সিনিয়র আইনজীবী। তিনিও কি ককটেল মেরেছেন? এটা হাস্যকর!”

গত ৩০ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভার আগে-পরে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়, যেগুলোকে ‘গায়েবি’ মামলা বলছেন দলটির নেতারা।

গত ১ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে ৪ হাজার ১৪৯টি মামলা হয়েছে বলে একটি পরিসংখ্যান দিয়েছে বিএনপি। এসব মামলায় গাড়ি ভাংচুর, হাতবোমা বিস্ফোরণ ঘটানো ও পুলিশের উপর হামলার অভিযোগ আনা হয়েছে।

নির্বাচনের কয়েক মাস আগে ‘কল্পিত’ এসব মামলার হয়রানি বন্ধ ও এ বিষয়ে স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে গত ২৩ সেপ্টেম্বর বিএনপির তিন আইনজীবী একটি রিট আবেদন করেন।

এই তিন আইনজীবীও এসব মামলার কয়েকটির আসামি। তারা হলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া।

সোমবার আবেদনকারী পক্ষ এর উপর শুনানি করে। মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শুনানির পর বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল আদেশ দিতে পারেন বলে জানিয়েছেন আইনজীবীরা।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইকরামুল হক টুটুল।

রিট আবেদন দায়েরের পর খন্দকার মাহবুব সাংবাদিকদের বলেছিলেন, “নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ঢালাওভাবে এ ধরনের কাল্পনিক মামলা করার উদ্দেশ্য হচ্ছে বিরোধী দলকে চাপে রেখে ভীতি সঞ্চার করা।

এ ধরনের মামলা সঠিক কি না, তা তদন্ত করতে একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠন করার নির্দেশনা চাওয়া হয় রিট আবেদনে। যারা এ ধরনের মামলা করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও নির্দেশনা চাওয়া হয়।

Image
খন্দকার মাহবুব হোসেন, ফাইল ছবি

খন্দকার মাহবুব হোসেন, ফাইল ছবি

সোমবার শুনানির এক পর্যায়ে কয়েকটি মামলার এজাহার পর্যবেক্ষণ করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, “খন্দকার মাহবুব বারের সিনিয়র আইনজীবী। তিনিও কি ককটেল মেরেছেন? এটা হাস্যকর!

তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল বলেন, “উনি তো শুধু আইনজীবীই নন, একটি রাজনৈতিক দলের পদধারী।”

তখন বিচারক বলেন, “এটা কী বললেন! তিনি রাজনীতি করতে পারবেন না, এমনটা তো আইনে নেই। আর আগে আইনজীবীরাই বেশি রাজনীতিতে যুক্ত ছিল।”

এরপর শুনানির জন্য অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময় চাইলে বিচারক তা মঞ্জুর করে তাকে উদ্দেশ করে বলেন, “আপনি যদি নির্দেশনা দিতেন, তাহলে এ ধরনের মামলা হত না। এতে পুলিশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।”

কামাল হোসেন পরে সাংবাদিকদের বলেন, “যারা পুলিশকে হত্যা করার পরিকল্পনা করে আক্রমণে নেমেছে, তারা আলামত নিয়েছে চারটা জর্দার ক্যান, চারটা ইটের টুকরা, তিনটা বাঁশের লাঠি! সব জায়গাতে হুবহু একই জিনিস। এগুলো কতখানি বিশ্বাসযোগ্য?

“এখানে রুল হওয়া উচিত। যখন আদেশ হয়ে যাচ্ছে, তখন অ্যাটর্নি জেনারেল বলল, উনাকে সুযোগ দেওয়া হোক আগামীকাল। আদালত সুযোগ দিয়েছেন।”

এই রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (নর্থ জোন), রমনা জোনের অতিরিক্ত উপ কমিশনার, রমনা ও শাহবাগ থানার ওসিকে বিবাদী করা হয়েছে।

যদি আদালত রুল দেয়, তবে তা বিবেচনাধীন অবস্থায় আবেদনকারীসহ বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে পরবর্তীতে এ ধরনের মামলা দায়ের থেকে বিরত থাকতে এবং এ ঘটনা তদন্তে সাত সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি (যার মধ্যে জাতিসংঘ মানবাধিকার কমিশন, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল, এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের প্রতিনিধি রাখা) গঠনের নির্দেশনা জারির আবেদনও করেছেন তারা।

রুল হলে তা বিবেচনাধীন অবস্থায় আবেদনকারীদের বিরুদ্ধে করা এসব মামলার তদন্ত থেকে বিরত থাকে নির্দেশনা জারির আর্জিও জানান বিএনপির তিন আইনজীবী।

এসব মামলা নিয়ে বিএনপির অভিযোগের প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নাশকতার পরিকল্পনার সুনির্দিষ্ট তথ্যেই এসব মামলা হয়েছে।

পুরনো খবর:

বিস্ফোরক মামলায় আসামি খন্দকার মাহবুব
বক্তব্যে ছিল উসকানি, তাই বিএনপির শীর্ষ নেতারা আসামি: পুলিশ
পুলিশ এখন ‘গায়েবী মামলার’ কারখানা: রিজভী