বক্তব্যে ছিল উসকানি, তাই বিএনপির শীর্ষ নেতারা আসামি: পুলিশ
সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার পর নাশকতার অভিযোগে যে মামলা হয়েছে, তাতে বিএনপির শীর্ষ নেতাদের আসামি করার ক্ষেত্রে সমাবেশে দেওয়া তাদের বক্তব্যকে কারণ দেখিয়েছে পুলিশ।
রোববারের ওই জনসভা শেষে নাশকতার অভিযোগে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে দুজন ছাড়া অন্যদের ঠিক কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়েও স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে।
রোববারের ঘটনার উল্লেখ করে ঢাকার হাতিরঝিল থানার এসআই শরিফুল ইসলাম সোমবার রাতে ওই মামলা দায়ের করেন।
মামলায় এক নম্বর আসামি হিসাবে রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নাম, এরপরে রয়েছে গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী,, মওদুদ আহমদ, আমানউল্লাহ আমান, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রুহুল কবীর রিজভী ও মির্জা ফখরুলের নাম।
জনসভায় তাদের বক্তব্যের পর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাতে মগবাজার রেলগেইট এলাকায় যান চলাচলে বাধা দেয়, পুলিশের ওপর হামলা চালায় এবং যানবাহন ভাঙচুর করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
বিএনপির এই নেতাদের নাম এজাহারের শুরুতে থাকলেও তাদের কেউ মগবাজার রেল গেইটের কাছে উপস্থিত ছিলেন না বলে স্বীকার করেন মামলার বাদী শরীফুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় তিনি বলেন, “জনসভায় তাদের বক্তব্য সরকারবিরোধী ও উস্কানিমূলক ছিল, এ কারণে তাদের আসামি করা হয়েছে।”
এজাহারে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় বিএনপির কেন্দ্রীয় নেতারা ‘উসকানিমূলক’ বক্তব্য দেন।
যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা শীর্ষ নেতাদের বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে হামলা-ভাংচুর ঘটানোর কথা স্বীকার করেছেন বলে দাবি করেন এসআই শরীফুল।
সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় মির্জা আব্বাস; তিনি মামলার এক নম্বর আসামি
মির্জা ফখরুলসহ অন্য নেতারাও সেদিন জনসভায় উস্কানিমূলক বক্তব্য দেন বলে পুলিশের দাবি
বিএনপি এই মামলার প্রতিবাদ জানিয়ে বলেছে, একতরফা নির্বাচন করতেই সরকারের ‘সাজানো ছকে’ পুলিশ মামলাটি করেছে।
অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে ‘নাশকতার ভয়াবহ ছক’ আঁকা হচ্ছে- এমন গোপন খবরের ভিত্তিতেই বিএনপি নেতাদের নামে মামলা হয়েছে।
মামলায় যে স্থানে ঘটনার উল্লেখ করা হয়েছে, সেখানকার বাসিন্দাদের কাছে জিজ্ঞাসা করে কোনো ভাংচুরের ঘটনা ঘটার তথ্য পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক সেখানকার এক মোটর মেকানিক মঙ্গলবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেদিন সন্ধ্যায় আমি দোকানেই ছিলাম। সমাবেশ শেষে লোকজনকে হেঁটে যেতেও দেখেছি।
“কোনো ভাংচুর দেখিনি, ভাংচুর হয়েছে বলেও শুনিনি। তবে পুলিশের গাড়ি চলাচল করতে দেখেছি।”
ঘটনার প্রত্যক্ষদর্শী রয়েছে কি না- জানতে চাইলে মামলার বাদী এসআই শরিফুল বলেন, “ঘটনাস্থলটি এমন এক জায়গায় যেখানে সবাই চলাচলের উপর থাকে। ফলে কাউকে পাওয়া কঠিন। আর কেউ দেখলেও পুলিশি ঝামেলা মনে করে সাক্ষ্য দিতে চাইবে না। এসব ক্ষেত্রে পুলিশকে বেশ সমস্যায় পড়তে হয়।”
মামলার বর্ণনা অনুযায়ী, মগবাজার রেলগেইটের কাছে রাত সোয়া ৮টার দিকে বিএনপি সমর্থিত ৭০/৮০জন রাস্তায় চলাচলে বাধা দেয়। খবর পেয়ে পুলিশ গেলে তারা ইট ছোড়ে, হাতবোমা ছোড়ে, লাঠি দিয়েও আঘাত করে।
দুটি অটোরিকশা ও একটি বলাকা বাস ভাংচুরের তথ্য মামলায় বলা হলেও সেগুলোর কোনো নম্বর নেই। বলা হয়েছে, গাড়িগুলো দ্রুত চলে যাওয়ায় তাদের নম্বর সংগ্রহ করা সম্ভব হয়নি।
হাতবোমা ছোড়ার বিষয়ে বাদী শরীফুল বলেন, “বাসে আঘাত লাগলে যে শব্দ হয়, সেই শব্দ হলে বুঝতে পারি ককটেল ফুটেছে।”
যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের রাজধানীর মৎস্য ভবন, সেগুন বাগিচাসহ অন্য সব স্থান থেকে ধরা হয় বলে অভিযোগ উঠেছে।
বাদী শরীফুল বলেন, তিনি দুজনকে গ্রেপ্তার করেন। বাকিদের ঘটনাস্থলের আধা কিলোমিটার বা পৌনে এক কিলোমিটারের মধ্য থেকে গ্রেপ্তার করা হয় বলে শুনেছেন।
“আমি থানায় গিয়ে বাকি পাঁচজনকে পাই,” বলেন এই পুলিশ কর্মকর্তা।
এই জনসভায় বক্তব্য শুনেই বিএনপি কর্মীরা নাশকতা ঘটান বলে পুলিশের দাবি
এই সাতজন হলেন- বাড্ডার ৪১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সামছুল হক (৪০), একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন (৪০), গুলশান ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাশেদ বিন সোলায়মান (৪৪), গাজীপুর সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ডের কমিশনার শফিউদ্দিন (৪৩), ময়মনসিংহের ভালুকা থানা বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন (৫৩), কুমিল্লা জেলা বিএনপির সহসভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়া (৪৮) এবং কুমিল্লার লাঙ্গলকোট থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিহাব খন্দকার (৩৫)।
তাদের মঙ্গলবার আদালতে হাজির করে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলেও হাতিরঝিল থানার ওসি আবু মো. ফজলুল করিম জানিয়েছেন।
পলাতক হিসাবে যাদের আসামি করা হয়েছে, তাদের মধ্যে যে ৫৫ জনের নাম-ঠিকানা এজাহারে রয়েছে।
এত দ্রুত তাদের পরিচয় কীভাবে সংগ্রহ করলেন- জানতে চাইলে এসআই শরীফুল বলেন, “এটা ওসি সাহেব সংগ্রহ করেছেন।”
ঘটনার যে সময় উল্লেখ রয়েছে, তখন ওসি ওই এলাকায় ছিলেন না বলে ওই থানার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে প্রশ্ন করলে ওসি ফজলুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এ ব্যাপারে কিছু বলব না।’
তিনি দাবি করেন, হামলায় তার থানার তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা চিকিৎসা নিয়ে বিশ্রামে আছেন।
এ নিয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব কুমার সরকারের সঙ্গে কথা বলতে চাইলে তিনি ‘মামলার বিষয়টি নলেজে আছে’ বলে অন্য সব কিছু এড়িয়ে যান।
