খালেদার মেডিকেল বোর্ড পুনর্গঠন
হাই কোর্টের নির্দেশে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড পুনর্গঠন হয়েছে।
পুনর্গঠিত মেডিকেল বোর্ডে প্রধান হিসেবে আগের মতোই রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক আবদুল জলিল চৌধুরী।
শনিবার বিকালে বিএনপি চেয়ারপারসনকে কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তির পর হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন মেডিকেল বোর্ড পুনর্গঠনের কথা সাংবাদিকদের জানান।
পুনর্গঠিত মেডিকেল বোর্ডে সদস্য রয়েছেন রিউমেটোলজি বিভাগের অধ্যাপক সৈয়দ আতিকুল হক, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক সজল কৃষ্ণ ব্যানার্জী, অর্থোপেডিক বিভাগের অধ্যাপক নকুল কুমার দত্ত ও ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ।
সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড থেকে বাদ পড়েছেন কার্ডিওলজি বিভাগের অধ্যাপক হারিসুল হক, অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক আবু জাফর চৌধুরী ও চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক তারেক রেজা আলী।
অর্থাৎ তিনজন চিকিৎসককে বাদ দিয়ে তাদের স্থানে নতুন তিনজনকে নিয়ে মেডিকেল বোর্ড পুনর্গঠিত হয়েছে।
আগের মেডিকেল বোর্ড নিয়ে বিএনপি আপত্তি জানিয়ে বলেছিল, সরকারের ‘পছন্দ অনুযায়ী প্রতিবেদন’ তৈরির পরিকল্পনা থেকে ‘অনুগত ও পছন্দের লোকদের’ দিয়ে ওই মেডিকেল বোর্ড গঠন করা হয়।
আট মাস ধরে কারাবন্দি খালেদাকে বেসরকারি ইউনাইটেড হাসপাতালে নেওয়ার দাবি বিএনপি জানিয়ে এলেও বৃহস্পতিবার হাই কোর্টের রায়ের পর বিএসএমএমইউতে যাওয়ার বিষয়ে সম্মত হয় তারা।
হাই কোর্টের আদেশে খালেদা জিয়াকে দ্রুত বিএসএমএমইউতে ভর্তি এবং তার চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়।
আদেশে অধ্যাপক জলিল চৌধুরী ও ডা. বদরুন্নেসা আহমেদকে রেখে অন্য তিনজনকে পরিবর্তন করে দিতে সরকারকে বলা হয়। সেই সঙ্গে বলা হয়, নতুন তিনজনের কেউ সরকার সমর্থক স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বা বিএনপি সমর্থক ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সমর্থক হতে পারবেন না।
হাই কোর্টের আদেশ অনুযায়ী, নতুন বোর্ডের অধীনে খালেদা জিয়া তার পছন্দমতো ফিজিওথেরাপিস্ট, গাইনোকলজিস্ট ও টেকনিশিয়ান নিতে পারবেন। বোর্ডের অনুমতি সাপেক্ষে বাইরে থেকে বিশেষজ্ঞ চিকিৎসকও আনতে পারবেন।
মেডিকেল বোর্ড যেটা করা হয়েছে তা উচ্চ আদালদের নির্দেশনা অনুযায়ী হয়েছে কি না- জানতে চাইলে বিএসএমএমইউ পরিচালক বলেন, “অবশ্যই আদালতের নির্দেশনা অনুযায়ী হয়েছে।”
৭৩ বছর বয়সী খালেদা জিয়াকে ভর্তির পরপরই মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক জলিল কেবিনে গিয়ে তাকে দেখে এসেছেন বলে জানান তিনি।
ব্রিগেডিয়ার জেনারেল হারুন বলেন, “ভর্তি হওয়ার পরে উনার কেবিনে মেডিকেল বোর্ডের সভাপতি অধ্যাপক আব্দুল জলিল চৌধুরী দেখেছেন এবং চিকিৎসা শুরু করার আগে যা যা ফরমালিটিজ তা সম্পন্ন করেছেন।
“কাল (রোববার) বেলা ১টার পরে বেগম খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। ওই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমরা উনার চিকিৎসা কার্যক্রম শুরু করতে পারব।”
খালেদা জিয়াকে কেমন দেখেছেন- প্রশ্ন করা হলে তিনি বলেন, “আগামীকাল মেডিকেল বোর্ডের সভার পর আমরা এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব।”
গত ৭ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএসএমএমইউ হাসপাতালে খালেদা জিয়া (ফাইল ছবি)
ছয় মাস আগে খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএসএমএমইউতে যখন নেওয়া হয়েছিল, তখন তিনি হেঁটেই লিফটে উঠেছিলেন। কিন্তু শনিবার তাকে হুইল চেয়ারে করে নেওয়া হয়।
খালেদা জিয়াকে অসুস্থ দেখাচ্ছিল কি না- প্রশ্ন করা হলে বিএসএমএমইউ পরিচালক বলেন, “উনি কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছেন, কুশল বিনিময় করেছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় দেখা করেছেন এবং উনার সঙ্গে আমাদের বিস্তারিত কথাবার্তা হয়েছে।”
সাবেক এই প্রধানমন্ত্রী থাকার কারণে হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিএসএমএমইউর অতিরিক্ত পরিচালক নাজমুল করীম মানিক ও সহকারী পরিচালক বেলাল হোসেন সরকারও পরিচালকের সঙ্গে ছিলেন।
