নগরে শরৎ বন্দনা
নৃত্য-গীত-বাদ্যে নগরে শরৎকে বরণ করে নিল জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ। শুক্রবার ভোরে রাজধানীর ধানমণ্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে পরিষদের এ ঋতুভিত্তিক অনুষ্ঠান হয়।
নবীন ও প্রবীণ কণ্ঠশিল্পীদের নিয়ে সাজানো এই অনুষ্ঠানে পরিবেশিত হয় রবীন্দ্রনাথের প্রকৃতি ও পূজা পর্বের গান। একক গানের পর্ব ছাড়াও পরিষদের শিল্পীর সম্মিলিত কণ্ঠে গেয়ে শোনান শরৎ বন্দনার গান।
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মেলক পর্ব পরিচালনা করেন সেমন্তী মঞ্জরী।
ধানমণ্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে শুক্রবার শরৎ উৎসবে গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে শিশু শিল্পীরা। ছবি: মাহমুদ জামান অভি
পরে তারা পরিবেশন করেন ‘আমার বেঁধেছি কাশের গুচ্ছ’, ‘দেখো দেখো দেখো শুকতারা’, ‘তোমার মোহন রূপে’, ‘কোন খেলা যে খেলব’, ‘এই তো তোমার প্রেম’, ‘ আজ ধানের ক্ষেতে’।
ধানমণ্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে শুক্রবার শরৎ উৎসবে শরৎ বন্দনার গান। ছবি: মাহমুদ জামান অভি
এরপর পার্থ প্রতীম রায় শোনান ‘শিউলি ফুল শিউলি ফুল’, অভয়া দত্ত শোনান ‘তোমার সোনার থালায় সাজাব’ গানগুলো।
সেঁজুতি বড়ুয়া শোনান ‘তবুও মনে রেখো’, রাজিন মুস্তাফা দীপ্র শোনান ‘আমার রাত পোহালো’, এ এস এম জাকারিয়া শোনান ‘আমি চিনি গো চিনি’, স্বাতী সরকার শোনান ‘ছুটির বাঁশি বাজাল’ গানগুলো।
ধানমণ্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে শুক্রবার শরৎ উৎসবে গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে শিশু শিল্পীরা। ছবি: মাহমুদ জামান অভি
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক সেমন্তী মঞ্জরী বলেন, “আমরা প্রতি বছর ঋতুভিত্তিক নানা আয়োজন করি। রবীন্দ্রনাথের প্রেম, প্রকৃতি ও পূজা পর্বের গান নিয়ে সাজানো এই আয়োজনে নগরে শরৎ বন্দনা করলাম আমরা।”
