পুলিশের জিম্মা থেকে সোনা আত্মসাতে এসআইসহ ৪ জনের দণ্ড
আটক সোনার বার আত্মসাতের অভিযোগে চার বছর আগে করা এক মামলায় ঢাকার রামপুরা থানার সাবেক এসআইসহ তিন পুলিশ সদস্যকে পাঁচ বছর এবং এক সোর্সকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এ রায় ঘোষণা করেন।
আত্মসাৎ করা সোনার ওজন ছিল ১৭.৪ কেজি এবং এর মূল্য প্রায় সাড়ে সাত কোটি টাকা।
পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন, সাবেক এসআই মঞ্জুরুল ইসলাম, কনস্টেবল মো. আকাশ চৌধুরী এবং কনস্টেবল ওয়াহিদুল ইসলাম।
এছাড়া পুলিশ সোর্স মাহফুজ আলম রনিকে দেওয়া হয়েছে তিন বছরের কারাদণ্ড।
২০১৪ সালের ১৩ মার্চ রাজধানীর বনশ্রী এলাকায় পরিত্যক্ত একটি প্রাইভেট কার থেকে ২৩৫টি সোনার বারসহ সমীর ও মুহিন নামে দুজনকে আটক করেন সেখানে দায়িত্বরত রামপুরা থানা পুলিশ।
তিন দিন গোপন রাখার পর এ ঘটনায় ওই দুজনকে আসামি করে রামপুরা থানায় একটি চোরাচালান মামলা হয়, যাতে ৭০টি সোনার বার উদ্ধার দেখানো হয়।
আটক ও প্রদর্শন করা সোনার পরিমাণের মধ্যে অসঙ্গতি নিয়ে সংবাদ প্রকাশের পর ১৮ মার্চ ঘটনার তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ।
২৫ মার্চ পুলিশের সোর্স রনি, এসআই মঞ্জুরুল, কনস্টেবল আকাশ ও ওয়াহিদুলের বাসা থেকে ১৪৯টি স্বর্ণের বার উদ্ধার করে ডিবি।
রামপুরা থানা পুলিশের প্রদর্শন করা ৭০টি এবং ডিবি পুলিশের উদ্ধার করা ১৪৯টি মিলে মোট সোনার বারের সংখ্যা দাঁড়ায় ২১৯টি।
পুলিশের জিম্মা থেকে স্বর্ণ আত্মসাতের এই ঘটনায় ২০১৪ সালের ৭ এপ্রিল গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক ফজলুল হক রামপুরা থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।
এরপরের বছর ১১ মে আদালতে দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম এ মামলার অভিযোগপত্র জমা দিলে ১৫ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
আরও খবর
