পুলিশের সোনা আত্মসাতের মামলায় দুদকের ‘ত্রুটিপূর্ণ’ অভিযোগপত্র
সোনার বার আত্মসাতের মামলায় রাজধানীর রামপুরা থানার তিন পুলিশ সদস্যসহ পাঁচজনকে অভিযুক্ত করে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগপত্র দাখিল করলেও ত্রুটিপূর্ণ হওয়ায় তা আদালতে তোলা হয়নি।
বৃহস্পতিবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউটিং শাখায় অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম।
প্রসিকিউটিং শাখার কর্মকর্তা গোপাল চন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এতে বড় ধরনের ত্রুটি আছে।”
অভিযোগপত্রে আসামি করা হয়েছে রামপুরা থানার উপ-পরিদর্শক মঞ্জুরুল ইসলাম, কনস্টেবল আকাশ চৌধুরী, ওয়াহিদুল ইসলাম, পুলিশের সোর্স মাহফুজ আলম রনি ও মাইক্রোবাস চালক সজিব শিকদারকে।
এই মামলায় পুলিশের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করা হলেও অভিযোগপত্রে তাদের বিষয়ে কিছু উল্লেখ নেই।
গোপাল চন্দ বলেন, “তারা দুজন কোথায় গেল? তাদেরকে হয় আসামি করতে হবে, অথবা অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করতে হবে। কিন্তু অভিযোগপত্রে কোনোটিই করা হয়নি।এটি বড় ধরনের ত্রুটি, যা কর্তৃপক্ষকে আমি জানিয়েছি।”
তবে গ্রেপ্তার ওই দুই পুলিশ কর্মকর্তার নাম জানাতে পারেননি গোপাল চন্দ।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ১৩ মার্চ রামপুরা থানা পুলিশ ২৩৫টি সোনার বার এবং মুহিন ও সমীর নামে দুই ব্যক্তিকে গাড়িসহ আটক করে।
বিষয়টি তিন দিন গোপন রাখার পর ১৬ মার্চ গাড়ির আসনের ভেতর থেকে ৭০টি সোনার বার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধার করে দেখানো হয়। বাকি ১৬৫টি বারের হদিস তখন মেলেনি।
আটক মাহিন ও সমীর পরে পুলিশের সোনার বার আত্মসাতের বিষয়টি ফাঁস করে দেন।
ওই বছরের ৪ এপ্রিল উপপরিদর্শক মঞ্জুরুল, কনস্টেবল আকাশ, ওয়াহিদুল, ও সোর্স রনিকে ১৪৯টি সোনার বারসহ গ্রেপ্তার করা হয়।
পরে ৭ এপ্রিল গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান রামপুরা থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন।
