২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বর্ণ আত্মসাৎ: পুলিশের বিরুদ্ধে মামলা

সোনার বার আত্মসাতের ঘটনায় পুলিশের তিন সদস্যসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2014, 02:21 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

রামপুরা থানার ওসি আলমগীর ভূঁইয়া জানান, ডিবির পরিদর্শক ফজলুর রহমান সোমবার গভীর রাতে রাজধানীর রামপুরা থানায় এ মামলা করেন।

আসামিরা হলেন- রামপুরা থানার উপপরিদর্শক মঞ্জুরুল আলম, কনস্টেবল ওয়াদুল, আকাশ চৌধুরী ও পুলিশের কথিত দুই সোর্স রনি ও সজিব শিকদার।

এদের মধ্যে সজিব শিকদার পলাতক রয়েছেন। দুর্নীতি দমন কমিশন মামলাটির তদন্ত করবে বলে জানিয়েছেন ওসি আলমগীর।

গত ৩১ মার্চ ১৪৯টি সোনার বারসহ উপপরিদর্শক মঞ্জুরুল আলম, কনস্টেবল ওয়াহিদ ও আকাশ এবং তাদের সোর্স রনিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা পুলিশের তিনটি দল নারায়ণগঞ্জ, গাজীপুর ও বগুড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পরে মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, গত ১৩ মার্চ রাজধানীর বনশ্রী এলাকায় একটি মাইক্রোবাস থেকে সোনার বারসহ সমীর ও মুহিন নামে দুইজনকে আটক করেন সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা। এর তিন দিন পর এ ঘটনায় ওই দুজনকে আসামি করে রামপুরা থানায় একটি চোরাচালান মামলা হয়, যাতে ৭০টি সোনার বার উদ্ধার দেখানো হয়।

২০ মার্চ মামলাটি ডিবিতে (পূর্ব) স্থানান্তরিত হয় এবং তদন্ত কর্মকর্তা নিযুক্ত হন ডিবির উপ পরিদর্শক মো. মাসুদ মিয়া।

দুই দিনের রিমান্ড শেষে আসামি মুহিন মুখ্য মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। সেখানে তিনি বলেন, ২৩৫টি সোনার বার তারা বনশ্রী থেকে তাতীবাজার নিয়ে যাচ্ছিলেন। পথে পুলিশ তাদের ধাওয়া করলে তারা মাইক্রোবাস ফেলে পালিয়ে যান।

এরপর মহানগর পুলিশ কমিশনারের নির্দেশে গোয়েন্দা পুলিশ মামলার তদন্ত অব্যাহত রাখে।

ওই জবানবন্দির পর ৩১ মার্চ রাতে গোয়েন্দা পুলিশের তিনটি দল নারায়ণগঞ্জ, গাজীপুর ও বগুড়ায় অভিযান চালিয়ে পুলিশ সদস্য মঞ্জুরুল, ওয়াহিদ ও আকাশ এবং সোর্স রনিকে গ্রেপ্তার করে।