ইমিগ্রেশন পুলিশের কাছে সোনার বার
হজরত শাহজালাল বিমানবন্দরে চোরাই সোনার চালা আটকের একের পর এক ঘটনার মধ্যে ইমিগ্রেশন পুলিশের এক সহকারী উপপরিদর্শকের কাছে তিনটি সোনার বার বহনের অভিযোগ পাওয়া গেছে।
ছুটিতে থাকা কামরুল ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ সোমবার বিকালে পাওয়ার পর তাকে কাস্টম হাউস কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন।
নাম প্রকাশ না করার শর্তে কাস্টম হাউজের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টার দিকে কামরুল ছুটিতে থাকার পরেও বিমানবন্দরে আসায় অনেকের সন্দেহ হয়। পরে ৬ নম্বর গেইট দিয়ে যাওয়ার সময় কাস্টম হাউসের লোকজন তাকে অনুসরণ করে।
“বাইরে চলে যাওয়ার পরপরই তাকে চ্যালেঞ্জ করলে সে পালানোর চেষ্টা করে। পরে তাকে ধরে আনা হলে কৌশলে সে তার পকেট থেকে সোনার বারগুলো টেবিলের নিচে ফেলে দিয়ে নিজেকে নির্দোষ দাবি করে।”
পুরো ঘটনার বেশিরভাগ অংশ সিসি ক্যামেরার ফুটেজে সংরক্ষিত রয়েছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, ইমিগ্রেশনের কর্মকর্তারা এসব ফুটেজ দেখেছেন। তাকে কাস্টম হাউসসহ অন্য সংস্থার কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে অতিরিক্ত ডিআইজি (ইমিগ্রেন) আলমগীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি শুনেছি, কাস্টমস হাউজ থেকে প্রতিবেদন আসার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”
