২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গায়ক আসিফের বিরুদ্ধে প্রতিবেদন ফের পিছিয়েছে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৩১ অক্টোবর ধার্য করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2018, 04:25 PM

Updated : 19 Aug 2022, 02:40 PM

গীতিকার, সুরকার এবং গায়ক শফিক তুহিনের দায়ের করা এ মামলায় সোমবার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল।

মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম এএইচএম তোয়াহা নতুন তারিখ ঠিক করেন।

এদিন গায়ক আসিফও অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি। এই কারণ দেখিয়ে আসিফের আইনজীবী সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই  মোসাম্মৎ তাহেরা।

তেজগাঁও থানায় দায়ের করা এ মামলায় অনুমতি ছাড়াই বিভিন্ন শিল্পীর ৬১৭টি গান ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করে মোবাইল ফোনের কনটেন্ট হিসেবে বিক্রি করার অভিযোগ আনা হয়েছে আসিফ আকবরের বিরুদ্ধে।

এর মধ্যে নিজের রচিত শতাধিক গান রয়েছে বলে গীতিকার শফিক তুহিনের দাবি। 

মামলার প্রেক্ষিতে গত ৫ জুন রাতে গ্রেপ্তার হন আসিফ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল আসিফকে ঢাকার এফডিসি এলাকায় তার স্টুডিও থেকে গ্রেপ্তার করে।

চার দিন কারাবাসের পর গত ১১ জুন আসিফের আবেদনে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কেশব রায় চৌধুরী।

পুরনো খবর:

গায়ক আসিফের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৮ অগাস্ট