গায়ক আসিফের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৮ অগাস্ট
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়ে আগামী ৮ অগাস্ট ঠিক করেছে আদালত।
গীতিকার, সুরকার শফিক তুহিনের দায়ের করা মামলায় বৃহস্পতিবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দিতে পারেননি।
পরে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ প্রতিবেদন জমার জন্য নতুন তারিখ ঠিক করেন।
জামিনে থাকা আসিফ এ সময় আদালতে হাজির ছিলেন।
গত ৫ জুন মধ্যরাতে এফডিসি এলাকায় আসিফ আকবরকে তার স্টুডিও থেকে গ্রেপ্তার করেছিল সিআইডি।
তার আগেরদিন সন্ধ্যায় তেজগাঁও থানায় আসিফসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন শফিক তুহিন।
এ মামলায় অনুমতি ছাড়াই বিভিন্ন শিল্পীর ৬১৭টি গান ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করে মোবাইল ফোনের কনটেন্ট হিসেবে বিক্রি করার অভিযোগ আনা হয়েছে আসিফ আকবরের বিরুদ্ধে। এর মধ্যে শফিক তুহিনের রচিত শতাধিক গান রয়েছে বলে এই গীতিকারের দাবি।
গত ১১ জুন আসিফের আবেদনে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কেশব রায় চৌধুরী।
