২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজকের অভিযানে ৫ লাখ টাকা জরিমানা

তিন তলার অনুমোদন নিয়ে চার তলা পর্যন্ত ভবন তৈরি এবং ভবনে অনুমোদিত কার পার্কিং না থাকায় ঢাকার বিজয় সরণিতে একটি ভবন মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে রাজউকের ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2018, 06:22 PM

Updated : 19 Aug 2022, 02:34 PM

বিজয় সরণির মোড়ের এই ভবনে সনি-র‌্যাংগসের শো-রুম রয়েছে।

মঙ্গলবার রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার এবং অথরাইজড অফিসার আদিলুজ্জামানের নেতৃত্বে গঠিত টাস্কফোর্সের অভিযানে এ জরিমানা করা হয়।

এদিন বিমানবন্দর সড়কের বনানী কবরস্থান থেকে বিজয় সরণি পর্যন্ত এলাকায় অভিযান চালায় রাজউক।

জেসমিন আক্তার বলেন, সনি র‌্যাংগসের ওই ভবনটি নির্মাণে নকশার ব্যত্যয় ঘটানো হয়েছে।

“তিন তলা পর্যন্ত বানানোর অনুমোদন নিয়ে সেটি চার তলা করা হয়েছে। এছাড়া এ ভবনের গাড়ি পার্কিংয়ের জায়গায় অবৈধ শো-রুম, ভবনের চারদিকে নির্ধারিত জায়গা না রেখে বর্ধিত করা হয়েছে। এছাড়া ভিআইপি সড়কে প্রবেশপথ তৈরির অনুমোদন না থাকলেও তারা সেখানে অতিরিক্ত প্রবেশ পথ তৈরি করেছে।”

এজন্য ভবন মালিক সৈয়দ শাহাবুদ্দিনকে আর্থিক জরিমানার পাশাপাশি আগামী এক মাসের মধ্যে নকশার বাইরের এসব অংশ অপসারণের জন্য অঙ্গীকারনামা নেওয়া হয়েছে বলে জানান হাকিম।

অভিযানে রাস্তা ও ফুটপাতের উপর গড়ে তোলা ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

অভিযানে রাজউকের সহকারী অথরাইজড অফিসার কায়সার পারভেজসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।