২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণখানে মেহেদী খুনের ঘটনায় আট কিশোর গ্রেপ্তার

রাজধানীর দক্ষিণখানে মেহেদী হাসান শুভ হত্যার ঘটনায় চাকুসহ আট কিশোরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

ও আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2018, 04:20 PM

Updated : 19 Aug 2022, 02:34 PM

গ্রেপ্তাররা হলেন- মো. সাইফ, মনির হোসেন, আরাফাত, সাইফুল ইসলাম, মেহেরাব হোসেন, আপেল, সিফাত ও সোহেল রানা।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মশিউর রহমান বলেন, শনিবার সিলেট ও দিনাজপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গত ৩১ অগাস্ট ছুরি মারা হয় মেহেদীকে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু হয়।

ঘটনার পরদিন মেহেদীর বাবা দক্ষিণখান থানায় একটি মামলা করেন। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ঘটনার ছায়া তদন্ত করছিল।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মিজানুর রহমান আট আসামিকে রোববার ঢাকার হাকিম আদালতে হাজির করেন।

এদের মধ্যে চারজনকে জিজ্ঞসাবাদের জন্য সাত দিন হেফাজতে চেয়ে আবেদন করেন তিনি। তিনজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ এবং এক আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

মহানগর হাকিম কেশব রায় চৌধুরী আসামি সোহেল রানা, সাইফুল ইসলাম, মনির হোসেন, মেহেরাব হোসেনকে এক দিন করে রিমান্ডের আদেশ দেন।

হাকিম প্রণব কুমার হুই আসামি সাইফের, হাকিম দেবব্রত বিশ্বাস আরাফাতের এবং হাকিম আহসান হাবীব আসামি সিফাতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে তিনজনকে কারাগারে পাঠিয়ে দেন।

আরেক আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মহানগর শিশু আদালতের বিচারক আল মামুন তাকে কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন বলে সংশ্লিষ্ট আদালত পুলিশের কর্মকর্তা এসআই মনিরুজ্জামান সাংবাদিকদের জানান।

দুই দল কিশোরের দ্বন্দ্বে খুন

পুলিশ কর্মকর্তা মশিউর রহমান বলেন, দক্ষিণখানের চেয়ারম্যান বাড়ি ইউনিয়ন পরিষদের নগরিয়া এলাকায় আধিপত্য বিস্তার, বড়-ছোট দ্বন্দ্বসহ বিভিন্ন বিষয় নিয়ে কিশোর শান্ত ও আরাফাত গ্রুপের মধ্যে প্রায়ই হাতাহাতি ও মারামারি হত।

এর জেরেই শান্ত গ্রুপের সদস্য মেহেদীকে হত্যার ঘটনাটি ঘটেছে বলে গ্রেপ্তারদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয়েছে পুলিশ।

রোববার এক সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, “ঘটনার কিছুদিন আগে মেহেদীকে ‘তুই’ বলে সম্বোধন করে আরাফাত গ্রুপের সদস্য কাউসার। এর জেরে শান্ত গ্রুপের ছেলেরা কাউসারকে মারধর করে। এরপর ১৮ অগাস্ট আবারও শান্ত গ্রুপের সদস্যরা আরাফাত গ্রুপের সাইফকে মারধর করে।

“এরপর পূর্বপরিকল্পনা অনুযায়ী ৩১ অগাস্ট স্থানীয় কেসি কনভেনশন হলে একটি জনসভার মিছিল নিয়ে আসার পথে মেহেদীর ওপর হামলা করে আরাফাত গ্রুপ।”

ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ও গ্রেপ্তারদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাতে পুলিশ কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, “আসামিদের মধ্যে সানি ও সোহেল মেহেদীকে জড়িয়ে ধরে আর সাইফ চাকু দিয়ে মেহেদীর বাম কানের নিচে ও অন্যরা লাঠি দিয়ে পেটায়।”

আহত অবস্থায় মেহেদীকে প্রথমে কেসি হাসপাতাল ও পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মহানগর গোয়েন্দা পুলিশ তদন্তে নেমে বিভিন্ন উৎস থেকে পাওয়া ভিডিও ফুটেজ যাচাই-বাছাই ও নিজেদের ইন্টিলিজেন্স ব্যবহার করে আসামিদেরকে সিলেট ও দিনাজপুর থেকে গ্রেপ্তার করে।

গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মশিউর রহমান বলেন, মেহেদীকে হত্যার পর খুনিরা ঢাকার বাইরে পালানোর চেষ্টা করেছিল। তাদের পালিয়ে যেতে অভিভাবকরা সহযোগিতা করেছেন। এজন্য তাদেরও আইনের আওতায় আনা হবে।

এই হত্যায় আরো কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।