২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাই কোর্টে শহিদুলের জামিন শুনানি মঙ্গলবার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলমের জামিন শুনানির জন্য মঙ্গলবার দিন রেখেছে হাই কোর্ট।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2018, 04:27 PM

Updated : 19 Aug 2022, 02:32 PM

সোমবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চে বিষয়টি ‍শুনানির জন্য তোলা হলেও রাষ্ট্রপক্ষের আবেদনে আদালত শুনানি পিছিয়ে দেয়।

আদালতে শহিদুল আলমের পক্ষে ছিলেন আইনজীবী সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

সারা হোসেন পরে সাংবাদিকদের বলেন, “আজ শহিদুল আলমের পক্ষে জামিনের আবেদন হাই কোর্টের কার্য তালিকায় ছিল। আমি আদালতে বলেছি যাতে এ আবেদনের একটু আগে শুনানি করা যায়।

“কিন্তু তার আগেই অ্যাটর্নি জেনারেলের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেছেন, এ আবেদনের শুনানিতে অ্যাটর্নি জেনারেল নিজেই থাকতে চান। এ কারণে আগামীকাল পর্যন্ত সময় চান। পরে আদালত তাদের আবেদনটি মঞ্জুর করে আগামীকাল পর্যন্ত সময় দিয়েছন।”

শহিদুল আলমের আইনজীবী বলেন, “যেহেতু এ আবেদনটির ফাইল করার পর ছয় দিন ধরে পরে আছে, এ ব্যাপারে রষ্ট্রপক্ষের বক্তব্য লিখিত আকারে দাখিল করতে বলা হয়েছে।”

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের এ মামলায় গত ৬ আগস্ট ঢাকা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত শহিদুল আলমের জামিন আবেদন নামঞ্জুর করে।

পরে গত ১৪ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করা হয়। আদালত আবেদনটি ১১ সেপ্টেম্বর শুনানির জন্য রাখে।

গত ১৯ আগস্ট শুনানির তারিখ এগিয়ে আনার আবেদন করেন শহিদুলের আইনজীবীরা। আদালত তা গ্রহণ না করলে ২৬ অগাস্ট শহিদুল আলমের অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে ওই আদালতেই আবেদন করা হয়।

কিন্তু আদালত শুনানির জন্য তা গ্রহণ না করলে গত ২৮ আগস্ট হাই কোর্টে তার জামিন চেয়ে আবেদন করা হয়।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গুজব ছড়ানোর অভিযোগে গত ৫ অগাস্ট রাতে পুলিশ গ্রেপ্তার করে দৃক গ্যালারি ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা শহিদুলকে।

এই আলোকচিত্রী ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সহিংসতা উসকে দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

পুরনো খবর:

হাই কোর্টে শহিদুলের জামিন শুনানি আগামী সপ্তাহে
শহিদুলকে নির্যাতন করা হয়েছে কিনা পরীক্ষার নির্দেশ