২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা আন্দোলনকারী রাশেদ, ফারুক, সুহেলদের জামিন

কোটা সংস্কারের আন্দোলনকারী যারা গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন, তাদের মধ্যে রাশেদ খান, ফারুক হাসান, এপিএম সুহেলসহ ২০ জন আদালত থেকে জামিন পেয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2018, 07:53 PM

Updated : 19 Aug 2022, 02:29 PM

সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. সাইফুজ্জামান হিরো, মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারীসহ কয়েকজন বিচারক এই শিক্ষার্থীদের পাঁচটি মামলায় জামিন মঞ্জুর করেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত এপ্রিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়িতে হামলার ঘটনায় কয়েকটি মামলা হয়।

ওই সব মামলায় গত জুলাই মাসের শুরুর দিক থেকে একে একে গ্রেপ্তার হন আন্দোলনকারীদের ফোরাম সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা।

পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে ২ জুলাই গ্রেপ্তার করা হয় তথ্য প্রযুক্তি আইনে করা একটি মামলায়। পরদিন গ্রেপ্তার করা হয় আরেক যুগ্ম আহ্বায়ক ফারুককে। পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতা সুহেলকে গত ১২ জুলাই গ্রেপ্তার করা হয়।

জামিন পাওয়া অন্যরা হলেন সাখাওয়াত হোসেন রাতুল,  মাসুদ আলম মাসুদ, রাকিবুল হাসান, আবু সাইদ ওরফে ফজলে রাব্বি, আতিকুর রহমান, সাইদুর রহমান, মাসুদ সরকার,  জসীম উদ্দিন, আবু সাইদ, আলী হোসেন, মশিউর রহমান, জসীম উদ্দিন আকাশ, তরিকুল ইসলাম, ইউসুফ চৌধুরী, সাঈদুল ইসলাম তৌহিদ, আলমগীর হোসেন, মাহবুবুর রহমান আরমান।

লুমার জামিন নাকচ

কোটা সংস্কার আন্দোলনের নেতা ইডেন কলেজের শিক্ষার্থী লুৎফুন নাহার লুমাকে নিরাপদ সড়কের আন্দোলনে গুজব ছড়ানোর মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।

রমনা থানায় তথ্য প্রযুক্তি আইনে করা এই মামলায় সোমবার লুমার পক্ষে জামিন চাওয়া হলেও তা নাকচ করে দেন ঢাকার এক হাকিম।

লুমা সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক। সিরাজগঞ্জ থেকে গত ১৫ অগাস্ট গ্রেপ্তার করে পুলিশ।

পুরনো খবর:

কোটা আন্দোলনের নেতা রাশেদ কারাগারে
কোটা আন্দোলনের আরেক নেতা ফারুকও গ্রেপ্তার
লাকী আক্তারের বাসা থেকে কোটা আন্দোলনকারীকে গ্রেপ্তার
কোটা আন্দোলনের নেত্রী লুমা সিরাজগঞ্জে গ্রেপ্তার