সাংস্কৃতিক জাগরণের প্রয়াস নিয়েছিলেন বঙ্গবন্ধু: নূর
স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশে অর্থনৈতিক পুনর্গঠনের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংস্কৃতিক জাগরণের প্রয়াসও চালিয়েছিলেন বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
সোমবার বিকালে বাংলা একাডেমির শোক দিবসের ধারাবাহিক আয়োজনে এক সেমিনারে এসে তিনি বলেন, “বঙ্গবন্ধু আবার স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশে অর্থনৈতিক পুনর্গঠনের পাশাপাশি তিনি যে সাংস্কৃতিক জাগরণের প্রয়াস চালিয়েছেন, এটাই তার দূরদর্শিতার পরিচায়ক।”
বঙ্গবন্ধুকে ‘মুক্তিযুদ্ধ নামক মহাকাব্যের রচয়িতা’ উল্লেখ করে নূর বলেন, “বঙ্গবন্ধুর পূর্বেও নেতাজি সুভাষচন্দ্র বসুসহ অনেকেই বাঙালি স্বাধীনতার স্বপ্ন দেখেছেন কিন্তু তাকে বাস্তবে রাষ্ট্রনৈতিক রূপ দিয়েছেন বঙ্গবন্ধুই। ”
সেমিনারে পরে তিনটি পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার ড. গিয়াসউদ্দিন মোল্যা, কাবেদুল ইসলাম এবং মুহাম্মদ শামসুল হক।
‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করে অধ্যাপক গিয়াসউদ্দিন মোল্যা বলেন, “সংবিধানে ধর্মনিরপেক্ষতা সংযোজন করে বঙ্গবন্ধু বাংলাদেশের অসাম্প্রদায়িক চরিত্রকে উচ্চকিত করেছেন। তার সৃষ্ট সাংবিধানিক সুরক্ষার ফলে বাংলার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান- সবাই এক কাতারে দেশ গড়ার জন্য জাতীয় শক্তির বলয় তৈরি করেছে।”
‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ: ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করে কাবেদুল ইসলাম বলেন, ৭ মার্চের ভাষণটি স্বতঃস্ফূর্ত ভাষণের অনন্য নজির। নিঃসন্দেহে বলা যায় পুরো ভাষণটিই প্রায় শতভাগ সুনিপুণ বাক-সমৃদ্ধ, সুঅভিব্যক্ত ও লক্ষ্যনির্দিষ্ট।”
‘১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড: প্রচার পায়নি প্রতিবাদের ভাষা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করে মুহাম্মদ শামসুল হক বলেন, “দেশের কেন্দ্রের বাইরে প্রান্তীয় অঞ্চলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদে সাহসী তৎপরতা পরিচালিত হয়েছিল। কিন্তু কায়েমি স্বার্থবাদীদের কারণে তার যথাযথ স্বীকৃতি মেলেনি।”
