২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহিদুলের আলমের মুক্তির দাবি ২৪ সংগঠনের

আলোকচিত্রী শহিদুল আলমের ‘দ্রুত ও নিঃশর্ত’ মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে দেশি-বিদেশি ২৪টি অধিকার সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2018, 02:20 PM

Updated : 19 Aug 2022, 02:27 PM

ঢাকায় ‘আর্টিকেল ১৯’ এর কার্যালয় থেকে পাঠানো ওই যৌখ বিবৃতিতে গণমাধ্যমকর্মী, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা দিতে আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে সরকারের প্রতি।

দৃক গ্যালারি ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা শহিদুলকে গত ৫ অগাস্ট রাতে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

পরে তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে উসকানিমূলক অপপ্রচার চালানোর অভিযোগ আনা হয় সেখানে। 

গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে নির্যাতন করা হয়েছে বলে শহিদুল ইতোমধ্যে অভিযোগ করেছেন। দেশ-বিদেশের বিভিন্ন সংগঠন ও মানবাধিকারকর্মীরা তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে আসছেন।

‘আর্টিকেল ১৯’ থেকে পাঠানো যৌথ বিবৃতিতে বলা হয়, “নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে এক সপ্তাহে ৪০ জনের বেশি সাংবাদিক আহত হয়েছেন। এদের মধ্যে ২২ জন ফটো সাংবাদিক পেশাগত দায়িত্বপালকালে ছবি/ভিডিও তোলার জন্য হামলার শিকার হন।”

হামলাকারী যে দলেরই হোক না কেন, দ্রুত তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি করা হয় বিবৃতিতে।  

বাংলাদেশে গত কয়েক বছর ধরে ‘মত প্রকাশের স্বাধীনতা ধারাবাহিকভাবে লঙ্ঘিত হচ্ছে’ মন্তব্য করে ওই বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনগুলো।

মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে আইসিটি আইনের ৫৭ ধারা বাতিল এবং আইসিটি আইন ও ডিজিটাল সুরক্ষা আইনের সংশোধনের দাবি জানানো হয়েছে তাদের বিবৃতিতে।

বিবৃতিতে স্বাক্ষরকারী আন্তর্জাতিক সংগঠনগুলো হল- আর্টিকেল ১৯, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে), ইন্টারন্যাশনাল ফ্রিডম অব এক্সপ্রেশন এক্সচেঞ্জ (আইফ্যাক্স), ইনডেক্স ফর সেন্সরশিপ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, ওপেন সোসাইটি ফাউন্ডেশনস প্রোগ্রাম অন ইনডিপিনডেন্টে জার্নালিজম।

দেশীয় সংগঠনগুলোর মধ্যে রয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি, মানুষের জন্য ফাউন্ডেশন,  নাগরিক উদ্যোগ, বাংলাদেশ আদিবাসী ফোরাম, নিজেরা করি, জাগৃতি প্রকাশনী, ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ফর ইন্টিগ্রেটেড রেভুলেশন (ফেয়ার), শ্রমিক নিরাপত্তা ফোরাম, বয়েজ অব বাংলাদেশ (বিওবি), এসিড সারভাইভার্স ফাউন্ডেশন, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিইআরএম), স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্ট এবং ন্যাশনাল অ্যালায়েন্স অব ডিজঅ্যাবলড পিপলস অরগানাইজেশন।