এবার স্বীকারোক্তি জাবালে নূরের মালিকের
চালকের পর এবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জাবালে নূর পরিবহনের অন্যতম মালিক মো. শাহাদাত হোসেন।
এই কোম্পানির একটি বাসের চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে এক সপ্তাহের বেশি সময় অচল ছিল রাজধানীর সড়ক।
দুই শিক্ষার্থীকে চাপা দেওয়ার সময় যে চালক বাসটি চালাচ্ছিলেন, সেই মাসুম বিল্লাহ বুধবার ঢাকার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।
সাত দিনের পুলিশ রিমান্ড শেষে বাসমালিক শাহাদাতকে বৃহস্পতিবার ঢাকার হাকিম আদালতে নেওয়া হলে তিনিও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আদালত পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, জাবালে নূর কোম্পানির সভাপতি, ব্যবস্থাপনা পরিচালক ও উপ ব্যবস্থাপনা পরিচালকের সুপারিশে তিনি তার বাসটি মাসুম বিল্লাহকে চালাতে দিয়েছিলেন। মাসুমের ড্রাইভিং লাইসেন্স যাচাই করে দেখেননি তিনি।
মাসুমকে গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছিল, তার ভারী গাড়ি চালানোর লাইসেন্স ছিল না।
বাসমালিক শাহাদাতের জবানবন্দি নেওয়ার পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর হাকিম গোলাম নবী।
শাহাদাতকে আদালতে আনার পর মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক কাজী শরিফুল ইসলাম আদালতকে বলেন, এই বাসমালিক স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছেন।
দুই সহপাঠির মৃত্যুর পর জাবালে নূরের বাস ভাংচুরে শিক্ষার্থীরা
দিয়ার বাবা জাহাঙ্গীর আলম ফকিরের মামলায় র্যাব শাহাদাত ও মাসুম বিল্লাহ ছাড়াও জাবালে নূরের বাসচালক জোবায়ের ও সোহাগ আলী এবং চালকের সহকারী এনায়েত হোসেন ও রিপন হোসেনকে গ্রেপ্তার করে।
