২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবালে নূরের সেই চালকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

যার বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার পর আন্দোলনে অচল হয়ে পড়েছিল রাজধানী, সেই জাবালে নূর পরিবহনের চালক মাসুম বিল্লাহ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2018, 07:32 PM

Updated : 19 Aug 2022, 02:26 PM

গত ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে ওই দুই শিক্ষার্থীর মৃত্যুর পরদিন বরগুনা থেকে মাসুমকে গ্রেপ্তার করে আনার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের হেফাজতে নিয়েছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রিমান্ডে শেষে বুধবার এই বাসচালককে আদালতে হাজির করে তার স্বীকারোক্তিমূলক জবাবন্দি নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক কাজী শরিফুল ইসলাম।

এরপর ঢাকা মহানগর হাকিম গোলাম নবী তার খাসকামরায় ১৬৪ ধারায় দেওয়া মাসুমের জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠিয়ে দেন।

পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, মাসুম বেশি যাত্রী পাওয়ার আশায় ওই দিন আরেকটি বাসের আগে পৌঁছতে বেপরোয়া চালিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ওই শিক্ষার্থীদের উপর তার গাড়িটি তুলে দেওয়ার কথা স্বীকার করেছেন।

সেদিন দুপুরে এমইএস বাসস্ট্যান্ডের কাছে ফ্লাইওভারের গোড়ায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একদল শিক্ষার্থী বাসের জন্য দাঁড়িয়ে ছিলেন। তখন জাবালে নূরের দুটি বাসের রেষারেষির মধ্যে মাসুমের চালানো বাসটি শিক্ষার্থীদের উপর উঠে গেলে প্রাণ হারান দিয়া খানম মিম ও আবদুল করিম রাজীব।

Image
দুই সহপাঠির মৃত্যুর পর জাবালে নূরের বাস ভাংচুরে শিক্ষার্থীরা

দুই সহপাঠির মৃত্যুর পর জাবালে নূরের বাস ভাংচুরে শিক্ষার্থীরা

পুলিশ জানিয়েছে, মাসুমের লাইসেন্স পর্যালোচনা করে দেখা গেছে যে তিনি হালকা গাড়ি চালানোর উপযুক্ত। ভারী গাড়ি চালানোর অনুমতি তার নেই।

দিয়ার বাবা দূরপাল্লার বাসচালক জাহাঙ্গীর আলম ফকির মামলা করলে র‌্যাব মাসুম ছাড়াও জাবালে নূরের আরও দুই বাসচালক ও দুই সহকারীকে গ্রেপ্তার করে। তারা হলেন চালক জোবায়ের ও সোহাগ আলী এবং সহকারী এনায়েত হোসেন ও রিপন হোসেন। এছাড়াও গ্রেপ্তার করা হয় জাবালে নূর পরিবহনের মালিক শাহাদাত হোসেনকে।

গ্রেপ্তার সবাই রিমান্ডে রয়েছেন।

এই ঘটনার পর নিরাপদত সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে সড়ক পরিবহন আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোতি হয়।

শিক্ষার্থীরা দায়ী চালকের সর্বোচ্চ শাস্তির দাবি জানানোর প্রেক্ষাপটে পুলিশ হত্যা সংক্রান্ত দণ্ডবিধির ৩০৪ নম্বর ধারাটি মামলায় যুক্ত করে, যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।

পুরনো খবর:

বাসচাপায় ছাত্র-ছাত্রীর মৃত্যু: দুই চালক ও তাদের সহকারী কারাগারে
এবার জাবালে নূরের মালিক গ্রেপ্তার
জাবালে নূরের দুই বাসের চালক ও সহকারীর ৭ দিনের রিমান্ড
দুই শিক্ষার্থীর মৃত্যু: জাবালে নূরের সেই চালক রিমান্ডে