২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত দিয়ার বাসায় শাজাহান খান

বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর সমালোচনার মুখে থাকা নৌমন্ত্রী ও পরিবহন শ্রমিক নেতা শাজাহান খান নিহত দিয়া খানম মিমের বাসায় গিয়ে তার পরিবারকে সান্ত্বনা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2018, 09:18 PM

Updated : 19 Aug 2022, 02:24 PM

দিয়ার বাবা-মাকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি শাজাহান খান বলেছেন, “আমি হয়ত হেসে কথা বলেছি বলে আপনারা কষ্ট পেয়েছেন। আমি অন্য একটি কথা বলেছিলাম, কিন্তু এ্যাক্সিডেন্টের বিষয়টিতে কথা হচ্ছে আমি জানতাম না। এর জন্য আমি দুঃখিত, আমাকে আপনারা ক্ষমা করে দেন।”

গত রোববার ঢাকার রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া ও আরেক শিক্ষার্থী আবদুল করিমের মৃত্যুর পর সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে শাজাহান খান হেসে অন্য দেশেও এমন দুর্ঘটনা ঘটার কথা বলেছিলেন।

ওই হাসি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে মঙ্গলবার তার ‘অনিচ্ছাকৃত ভুল’ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছিলেন শাজাহান খান। পরদিন গেলেন দিয়ার বাসায়।

দিয়ার বাবা জাহাঙ্গীর আলমও নৌমন্ত্রীর ওই হাসিতে ব্যথিত হয়েছিলেন।

জাহাঙ্গীর নিজেও একজন বাসচালক। তাদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি হলেন শাজহান খান।

দিয়ার বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা ৬টায় তার মহাখালীর দক্ষিণপাড়ার বাসায় উপস্থিত হন নৌমন্ত্রী।

জাহাঙ্গীর নৌমন্ত্রীকে বলেছেন, “দেখেন, এটা তো আসলে এ্যাক্সিডেন্ট না, একটা হত্যাকাণ্ড। ওরা আমার মেয়েটাকে ইচ্ছা করে হত্যা করছে। ওরা অদক্ষ ড্রাইভার। অদক্ষ ড্রাইভারদের জন্য আজ দেশের এই অবস্থা।”

তিনি আরও বলেন, “আমি একজন ড্রাইভার। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। যেই গাড়িগুলা চলছে, সেগুলোর লাইসেন্স আছে কি না, আপনারা দেখেন। অদক্ষ ড্রাইভাররা কত বাবা-মায়ের বুক খালি করছে, আপনারা দেখেন।”

Image
দিয়া খানম মিমের এই ছবি এখন স্মৃতি হয়ে আছে তার পরিবারে

দিয়া খানম মিমের এই ছবি এখন স্মৃতি হয়ে আছে তার পরিবারে

গত রোববার ঢাকার বিমানবন্দর সড়কে বাসের জন্য অপেক্ষার সময় জাবালে নূর পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়েছিলেন দিয়া ও করিম। ঘটনার বর্ণনায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফ্লাইওভারের কাছে শিক্ষার্থীরা বাসের জন্য ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। তখন দুটি বাসের পাল্লা দেওয়ার মধ্যে একটি শিক্ষার্থীদের উপর উঠে যায়।

জাহাঙ্গীর ফিটনেসবিহীন বিভিন্ন গাড়িকে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির আওতায় আনার জন্য অনুরোধ করেছেন নৌমন্ত্রীকে।

এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ধীরগতিতে গাড়ি চালানো হচ্ছে কি না বা গতিরোধক আছে কি না, এ বিষয়গুলোও নজরে নেওয়ার অনুরোধও করেন তিনি।

জাহাঙ্গীর বলেন, “২৭ বছর ধরে আমি গাড়ি চালাই। আমার হাতে কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটে নাই। কেন তাহলে এসব অদক্ষ চালকের জন্য আমার মেয়ে মারা গেল? আমি এর কঠিন বিচার চাই।”

“আজ ছাত্র-ছাত্রীরা সবাই রাস্তায় নামছে বিচারের দাবিতে। কেউ আমাকে টাকা-পয়সা দিয়ে কিনতে পারবে না “ বলেন জাহাঙ্গীর।

পুরনো খবর:

সড়ক শৃঙ্খলা আনুন: আকুতি দিয়ার বাবার