বিচারপতি জয়নুলের আগাম জামিন টিকলো না
অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধানের মধ্যে আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীনকে আগাম জামিন দিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রায় দেয়।
এর ফলে বিচারপতি জয়নুল আবেদীনের আগাম জামিন বাতিল হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। বিচারপতি জয়নুল আবেদীনের আইনজীবী মইনুল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরীন ও এ কে এম আমিন উদ্দিন মানিক। গত বছরের ১০ জুলাই রুলের উপর শুনানি শেষ হয়েছিল।
মঙ্গলবার রায়ের পর আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের বলেন, “নিয়মিত জামিন প্রশ্নে জারি করা রুল আদালত খারিজ করে দিয়েছেন। ফলে বিচারপতি জয়নুল আবেদীনকে দেওয়া আগাম জামিন আর থাকছে না।”
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১০ সালের ১৮ জুলাই সম্পদের হিসাব চেয়ে আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীনকে নোটিস দেয় দুদক।
পরে দুদকের দেওয়া নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে ২০১০ সালের ২৫ জুলাই তিনি হাই কোর্টে একটি রিট আবেদন করেন।
রিটের ওপর শুনানি নিয়ে সে সময় বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞা ও বিচারপতি কাজী রেজা-উল হকের হাই কোর্ট বেঞ্চ বিষয়টি উত্থাপিত হয়নি বিবেচনায় খারিজ করে দেয়।
পরে ওই বছর ২৫ অক্টোবর দুদক তাকে আরও একটি নোটিস দেয়। প্রয়োজনীয় তথ্যসহ ৩ নভেম্বর তিনি ওই নোটিসের জবাব দেন।
এর সাত বছর পর গত বছরের জানুয়ারিতে সাবেক এ বিচারপতির বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ তুলে তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। এ বিষয়ে দুদক তার ব্যাখ্যা চাইলে বিচারপতি জয়নুল ব্যাখ্যাও দেন ।
এরই মধ্যে অনুসন্ধানের কথা বলে সুপ্রিম কোর্টের কাছে সাবেক এই বিচারকের বিষয়ে কাগজপত্র চেয়ে গত বছরের ২ মার্চ চিঠি দেয় দুদক।
এর জবাবে ওই বছরের ২৮ এপ্রিল আপিল বিভাগের তখনকার অতিরিক্ত রেজিস্ট্রার অরুনাভ চক্রবর্তী স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, “সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিরুদ্ধে দুদকের কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ সমীচীন হবে না বলে সুপ্রিম কোর্ট মনে করে।”
কোনো বিচার বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি বা অন্য কোনো অভিযোগ উত্থাপিত হলে, সুপ্রিম কোর্টের পরামর্শ ছাড়া তার প্রাথমিক তদন্ত বা অনুসন্ধান না করার জন্য আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের ওই চিঠিতে।
সুপ্রিম কোর্টের এ ধরনের চিঠি নিয়ে সংসদ অধিবেশনে কড়া সমালোচনা হয়। পরে জুনে একটি দৈনিক পত্রিকায় এ বিচারপতির জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ও দুদকের অনুসন্ধান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হলে ‘গ্রেপ্তার ও হয়রানির’ আশঙ্কার কথা জানিয়ে তিনি হাই কোর্টে জামিন আবেদন করেন।
গত বছরের ১০ জুলাই হাই কোর্ট তাকে এ অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জামিন দেয় এবং নিয়মিত জামিন কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে। সে রুলই মঙ্গলবার খারিজ করে দিয়েছে আদালত।
আদালতের পর্যবেক্ষণ থেকে উদ্ধৃত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত বলেছে, মামলা ছাড়া আগাম জামিনের কোনো নজির নেই। মামলা ছাড়া আগাম জামিন হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।”
রুল শুনানিতে মামলা ছাড়া আগাম জামিনের বিষয়ে আবেদনকারীর আইনজীবীর পাকিস্তানের নজির তুলে ধরেছিলেন।
সে প্রসঙ্গে আদালত রায়ে বলেছে, “পাকিস্তানের বিচার ব্যবস্থায় এ ধরনের নজীর থাকলেও বাংলাদেশের বিচার ব্যবস্থায় তা গ্রহণযোগ্য হতে পারে না।”
গত বছরের জুনে একটি দৈনিক পত্রিকায় বিচারপতি জয়নুল আবেদীনের বিরুদ্ধে অভিযোগ ও দুদকের অনুসন্ধান সংক্রান্ত খবরের প্রসঙ্গ টেনে আদালত রুল খারিজের রায়ে বলেছে, “পত্র পত্রিকার কাজ হল সমাজের ক্ষতগুলো তুলে ধরে মানুষকে সচেতন করা। কাউকে ভীত করা নয়।”
