২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫৭ ধারা: রাশেদের মামলার প্রতিবেদন ১১ সেপ্টেম্বর

সরকারি চাকরির কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খানের বিরুদ্ধে ফেইসবুক লাইভে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির মামলায় তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য ১১ সেপ্টেম্বর নতুন তারিখ রেখেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2018, 02:12 PM

Updated : 19 Aug 2022, 02:24 PM

তথ্যপ্রযুক্তি আইনের এ মামলায় রোববার পুলিশের তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তদন্ত কর্মকর্তা তা না দেওয়ায় মহানগর হাকিম গোলাম নবী নতুন তারিখ ধার্য করে দেন বলে রাশেদের অন্যতম আইনজীবী জয়েদুর জাহিদ জানান।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ ব্যানারে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছে একদল শিক্ষার্থী। এই পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের বিরুদ্ধে গত ১ জুলাই এ মামলা করেন ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক আল নাহিয়ান খান জয়।

তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা এ মামলায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং ফেইসবুক ব্যবহার করে শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

মামলা করার পর জয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “রাশেদ ২৭ জুন সন্ধ্যা ৮টায় ফেইসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন ‘মনে হচ্ছে তার বাপের দেশ, সে একাই দেশের মালিক। তিনি যা ইচ্ছা তাই বলবেন আর আমরা কোনো কথা বলতে পারবো না’।

“এছাড়া রাশেদ বিভিন্ন সময় ফেইসবুক লাইভে এসে গুজব ছড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়েছে, এই বিষয়টার জন্য আমি মামলা করেছি।”

মামলা হওয়ার পরদিন রাশেদকে রাজধানীর ভাসানটেক এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়িতে হামলার মামলাতেও তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ।

দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে রাশেদের পক্ষে জামিন চাওয়া হলেও তা নাকচ করে তাকে কারাগারে পাঠায় আদালত।

পুরনো খবর:

কোটা আন্দোলনের নেতা রাশেদ কারাগারে
রাশেদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ ঠিক না: মা