২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামের নাগরিকত্বের তালিকা ভারতের ‘অভ্যন্তরীণ বিষয়’

ভারতে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বলেছেন,  আসামের ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনসের (এনআরসি) খসড়া প্রকাশ ভারতের ‘অভ্যন্তরীণ বিষয়’।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2018, 07:45 PM

Updated : 19 Aug 2022, 02:22 PM

নয় দিল্লি কখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে তোলেনি বলে জানিয়েছেন তিনি।

আসামের বাসিন্দাদের তালিকা এনআরসির দ্বিতীয় ও চূড়ান্ত খসড়া আগামী ৩০ জুলাইন প্রকাশ হওয়ার কথা রয়েছে। সুপ্রিম কোর্ট ওই দিন ঠিক করে দিয়েছে।

নতুন এই জাতীয় নাগরিকত্বের নিবন্ধন তালিকা প্রকাশ হলে আসাম থেকে ‘অবৈধ’ বাংলাদেশিদের বের করে দেওয়া হতে পারে বলে সেখানে আলোচনা রয়েছে।

এই প্রেক্ষাপটে বাংলাদেশের হাই কমিশনার বিষয়টি নিয়ে কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন বলে পিটিআইয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

জবাবে মোয়াজ্জেম আলী বলেন, “ভারত সরকার কোনো পর্যায়েই বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে বিষয়টি তোলেনি।

“তাই এখন পর্যন্ত এটা একটি অভ্যন্তরীণ বিষয়। বিষয়টি নিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে আমি বিপরীতমুখী অবস্থান দেখছি এবং কোনো অভ্যন্তরীণ বিষয়ে আমি হস্তক্ষেপ করব না।”

ভারত সরকার বিষয়টি যদি বাংলাদেশ সরকারের কাছে উত্থাপন করে তারপরেই এটা ‘দ্বিপক্ষীয়’ বিষয় হবে বলে মন্তব্য করেছেন তিনি।

এনআরসির চূড়ান্ত খসড়া প্রকাশের পর বাংলাদেশ সীমান্ত অভিমুখে লোকজন ছুটতে পারে এমন শঙ্কা বিবেচনায় নিয়ে বাংলাদেশ সরকার কোনো সিদ্ধান্ত নিয়েছে কি না, তা জানতে চাওয়া হয় হাই কমিশনারের কাছে।

“এখন আমি এ বিষয়ে বিস্তারিত বলতে চাই না। আমরা সবাই পত্রিকা পড়েছি এবং এই সংকটের সূত্রপাত সম্পর্কে জেনেছি। সবার কাছে আমার অনুরোধ, শান্তি যেন বজায় থাকে,” বলেন তিনি।