বাড্ডার ফরহাদ খুন: ৫ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
ঢাকার বাড্ডায় আওয়ামী লীগ নেতা ফরহাদ আলী হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হত্যাকাণ্ডের এক মাস পর এই পাঁচজনকে গ্রেপ্তারের পাশাপাশি চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের কথাও পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জাকির হোসেন, আরিফ মিয়া, আবুল কালাম আজাদ ওরফে অনির, বদরুল হুদা ওরফে সৌরভ ও বিল্লাল হোসেন ওরফে রনি।
গত ১৫ জুন বাড্ডা থানাধীন আলীর মোড় এলাকায় মসজিদের সামনে খুন করা হয় বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলীকে।
পাঁচজনকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, জানায়, অটো রিকশা স্ট্যান্ড ও কেবল টিভির ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়সহ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে। হত্যাকাণ্ড ঘটানো হয় ভাড়াটে খুনিদের দিয়ে।
শনিবার এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশরে অতিরিক্ত কমিশনার মো. আবদুল বাতেন জানান, ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী রমজান, মেহেদী ওরফে কলিন্স ও আশিক এই হত্যার পরিকল্পনা করে। তারা প্রত্যেকে দেশের বাইরে চলে গেছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
এই হত্যাকাণ্ডে সন্দেহভাজন অমিত নামে একজন গত ৪ জুলাই পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা যান। এছাড়া জহিরুল ইসলাম ওরফে সুজন নামে আরেকজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
পুলিশ কর্মকর্তা বাতেন জানান, সুজন গ্রেপ্তার হওয়ার পর আদালতে জবানবন্দিতে অন্য খুনিদের নাম জানান।
সুজনের তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল গুলশান থানা এলাকা থেকে জাকির হোসেন ও আরিফকে প্রেপ্তার করে।
এরপর শাহআলী থানা এলাকায় অভিযান চালিয়ে অনির, সৌরভ ও রনিকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ কর্মকর্তা বাতেন জানান।
তিনি বলেন, “এই পাঁচজনের কাছ থেকে গুলিভর্তি চারটি পিস্তল পাওয়া যায়।”
গ্রেপ্তার পাঁচজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।
এই পুলিশ কর্মকর্তা বলেন, “হত্যার ঘটনার পরিকল্পনা করে তার বাস্তবায়নের জন্য সন্ত্রাসী রমজান তার ছোট ভাই সুজনকে দায়িত্ব দেয়। পরে সুজনই কিলারদের একত্রিত করে এবং হত্যার ঘটনার পরপরই দেশের বাইরে চলে যায়।
“কিলারদের টাকা প্রদান করার দায়িত্বে ছিল বন্দুকযুদ্ধে নিহত অমিতের উপর। গ্রেপ্তার হওয়ার পর তারা বলেছে, অমিতের কাছ থেকে তারা প্রাথকিভাবে এক লাখ টাকা বুঝে পেয়েছিল।”
