২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিকোডে বাংলা লিপির উন্নয়নে উপেক্ষিত বাংলাদেশ: জব্বার

ইউনিকোডে বাংলা লিপির উন্নয়নে বাংলাদেশের মতামত উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2018, 04:59 PM

Updated : 08 Apr 2022, 06:40 PM

মঙ্গলবার বাংলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “দুঃখজনক হলেও সত্য ইউনিকোড বাংলা লিপি উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের মতামতকে অনেক ক্ষেত্রেই গৌণভাবে দেখছে। উপেক্ষিত হচ্ছে বাংলাদেশ। ফলে প্রযুক্তিগত ক্ষেত্রে অক্ষর ব্যবহারে আমরা সমস্যার সম্মুখীন হই।”

“মনে রাখতে হবে বাংলা ভাষার ব্যবহারিক ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।”

বাংলা একাডেমিতে বাংলা ইউনিকোড লিপি উন্নয়নে নিও ব্রাহ্মী জেনারেশন প্যানেলের (এনজিবিপি) সঙ্গে বাংলাদেশের বিশেষজ্ঞদের দিনব্যাপী আলোচনায় প্রধান অতিথি ছিলেন মোস্তাফা জব্বার।

মন্ত্রী বলেন, “বাংলাদেশের ভাষাবিজ্ঞানীসহ সাধারণ ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও মতামতকে বাংলা ইউনিকোড লিপি উন্নয়নে বিবেচনায় রাখতে হবে।”

বর্তমান সরকার বাংলা ভাষার প্রযুক্তিগত ব্যবহারকে যুগোপযোগী এবং সহজসাধ্য করতে বেশকিছু কর্মসূচি হাতে নিয়েছে বলে জানান তিনি।

মূলত কম্পিউটারে লিপি বা অন্যান্য অক্ষর সংরক্ষিত হয় সেই অক্ষরগুলির প্রতিটির পেছনে একটি করে একক সংখ্যা দিয়ে।

ইউনিকোড এই একক সংখ্যা বা নম্বর দেয়। আর ইউনিকোড সংক্রান্ত কাজগুলো করে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা ইউনিকোড কনসোর্টিয়াম। বাংলাদেশ ২০১০ সালের ৩০ জুন এই কনসোর্টিয়ামের সদস্যপদ লাভ করে।

বাংলা একাডেমির উদ্যোগে ইউনিকোডে প্রমিত বাংলা ফন্ট তৈরির কাজ করা হচ্ছে। ‘আমার বর্ণমালা’ নামের এই ফন্ট তৈরিতে সহায়তা দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেনশন (এটুআই) প্রোগ্রাম।

বাংলা একাডেমি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম।

উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. পবিত্র সরকার, অধ্যাপক ড. উদয় নারায়ণ সিংহ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যামসুন্দর সিকদার, ড. মনিরুজ্জামান, অধ্যাপক জীনাত ইমতিয়াজ আলী, থাইল্যান্ডের পিটিনান কুয়ারমর্নপাতানা ও বাংলা একাডেমির কর্মকর্তারা।

কর্মশালার ধারণাপত্র উপস্থাপন করেন এনজিবিপির কো-চেয়ার সমীরণ গুপ্ত।  

বাংলা একাডেমির অনলাইন গ্রন্থাগার উদ্বোধন

‘সবার জন্য জ্ঞান’ লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করেছে ‘বাংলা একাডেমি গ্রন্থাগার-অনলাইন’।

নিও ব্রাহ্মী জেনারেশন প্যানেলের (এনজিবিপি) সঙ্গে আলোচনা পর্বের শেষে মোস্তাফা জব্বার এই অনলাইন গ্রন্থাগারের উদ্বোধন করেন।

বাংলা একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা একাডেমি গ্রন্থাগারে সংরক্ষিত প্রায় লক্ষাধিক দুষ্প্রাপ্য বই থেকে বাছাই করা এক লাখ পৃষ্ঠা সরাসরি ইন্টারনেটে পড়ার সুযোগ করে দেওয়াই এই অনলাইন উদ্যোগের প্রাথমিক উদ্দেশ্য।

সপ্তাহখানেকের মধ্যে ১ লাখ পৃষ্ঠা আপলোড করা হবে। ৮০ হাজার পৃষ্ঠা এরই মধ্যে স্ক্যান করা হয়েছে। এই স্ক্যান ম্যাটার ই-বুক ফরমেটে প্রতিদিনই ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে।

www.library.banglaacademy.org.bd ঠিকানায় ক্লিক করে সরসারি ই-বুক পড়া ও ডাউনলোড করা যাবে।