২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক কল্যাণে মেঘনা পেট্রোলিয়াম, ডিএসইর সোয়া ২ কোটি টাকা

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের দুই কোটি ২৩ লাখ ৮২ হাজার ১৯৮ টাকা দিয়েছে দুটি সরকারি প্রতিষ্ঠান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2018, 02:26 PM

Updated : 11 Oct 2022, 12:29 PM

সচিবালয়ে মঙ্গলবার শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর হাতে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গত বছরের লভ্যাংশের চেক হস্তান্তর করেন।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এক কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ৯৯১ টাকা এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ ৬৭ লাখ ২৮ হাজার ২০৭ টাকা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী জানান, এই তহবিল থেকে অসহায় শ্রমিকদের ২৪ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। বর্তমানে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৩০৫ কোটি টাকা রয়েছে।

সরকারি-বেসরকারি লাভজনক প্রতিষ্ঠানগুলোকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন মেনে চালার অনুরোধ জানিয়ে চুন্নু বলেন, সবাই ফাউন্ডেশন তহবিলে অর্থ দিলে আর কোনো অসহায় শ্রমিক থাকবে না।

শ্রম আইন অনুযায়ী, উৎপাদনশীল প্রতিষ্ঠানের এক বছরের নিট লভ্যাংশের পাঁচ শতাংশের মধ্যে চার শতাংশ অর্থ নিজ কোম্পানির শ্রমিকদের জন্য বরাদ্দ থাকে।

বাকি এক শতাংশের অর্ধেক প্রতিষ্ঠানের নিজস্ব শ্রমিক কল্যাণ তহবিল এবং বাকি অর্ধেক শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা দিতে হয়।

এই তহবিল থেকে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু, স্থায়ীভাবে অক্ষম, দুর্ঘটনায় আহত শ্রমিকের চিকিৎসা, মাতৃত্বকালীন এবং শ্রমিকের সন্তানদের উচ্চ শিক্ষায় অর্থ দেওয়া হচ্ছে।

এছাড়া প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের যৌথ বীমার প্রিমিয়ামের অর্থও এই খাত থেকে দেওয়া হচ্ছে বলে শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

শ্রমসচিব আফরোজা খান, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক আনিসুল আওয়াল, মেঘনা পেট্রোলিয়ামের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) আহমেদ শহীদুল হক, ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আল আমিন রহমানসহ প্রতিষ্ঠান দুটির অন্য কর্মকর্তারা চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।