সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কতা
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কায় সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
লঘুচাপটি বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ শনিবার বিকালে সাংবাদিকদের বলেন, “এটি ঘণীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।”
এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে। বুধবারের দিকে বৃষ্টিপাতের প্রবনতা বাড়তে পারে।
বন্যা পরিস্থিতি
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, উত্তরাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা রয়েছে। রোববার বোর্ডের ৯৪টি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে সাতটি পয়েন্টে পানি বিপদসীমার উপরে বয়ে যাচ্ছে।
উজানে ভারতের পূর্বাঞ্চলের সিকিম, আসাম, মেঘালয় ও ত্রিপুরা অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া বলেন, বহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা ও মেঘনা অববাহিকায় নদ-নদীতে পানি বাড়ছে। পদ্মায় আগামী ৪৮ ঘণ্টা তা অব্যাহত থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বগুড়া, জামালপুর ও সিরাজগঞ্জ জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
