ওরা ‘ভালো আছি’ বললেই বোঝা যাবে দেশ ভালো চলছে: জাফর ইকবাল
ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ভালো রাখার দায়িত্ব সংখ্যাগুরুদেরই নিতে হবে মন্তব্য করে লেখক-অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, তারা যদি বলে ভালো আছে তাহলেই বোঝা যাবে দেশ ভালোভাবে চলছে।
অন্যথায় বিশাল মেট্রোরেল, পদ্মাসেতু ও বড় বড় দালানকোঠায় বাংলাদেশের ভালো থাকা বোঝাবে না বলে মনে করেন তিনি।
এই লেখকের মতে, জীবনকে আনন্দময় করা খুব সোজা। অন্যর জন্য কিছু করলেই জীবন আনন্দময় হয়।
তিনি বলেন, “আমি যদি অপরের জন্য ত্যাগ করি এর চেয়ে বেশি আনন্দ আর কিছুতে পাওয়া যায় না। অনেকে হয়ত ঢাকায় ফ্ল্যাট কেনেনি, কিন্তু গ্রামে একটি স্কুল করেছে। তার জীবন আনন্দময় হয়েছে। জীবন পরিপূর্ণ হবে। ঘুরেফিরে অন্যের কিছু একটা করতে হবে। যদি আমরা অন্যের জন্য কিছু একটা না করি, তাহলে জীবন পূর্ণ হবে না।”
শনিবার রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘সম্প্রীতি বাংলাদেশ’ নামক একটি নাগরিক ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে কথা বলেন জাফর ইকবাল।
‘গাহি সাম্যের গান’ স্লোগান নিয়ে নতুন ওই সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের প্রতিনিধিসহ সমাজের নানা পেশার শীর্ষস্থানীয়রা এক মঞ্চে সমবেত হন।
জনপ্রিয় এই লেখক বলেন, “ভিন্ন ভিন্ন রঙের, ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে থাকলে সেটাতে এক ধরনের আনন্দ আছে। আমাদের খুবই দুঃখ যে, আমরা সেই আনন্দটা পাইনি। আমরা সবাই এক রকম। আমাদের মধ্যে যারা ভিন্ন তারা অমূল্য সম্পদ।
“তাই এদের রক্ষা করার দায়িত্বটা বাঙালি মুসলমানের উপর পড়ে গেছে। তাদের দেখে শুনে রাখ, যাতে ভিন্ন ধর্মের মানুষ যারা আছে তারা যেন এখানে শান্তিতে থাকতে পারে।”
তিনি বলেন, “বিভিন্ন ধর্মের মানুষ আছে, পাহাড়ি মানুষ আছে, আদিবাসী মানুষ আছে। তাদের সবার জন্য যদি আমরা এদেশ তৈরি করতে না পারি তাহলে এই বাংলাদেশ দিয়ে কী করব? বিশাল মেট্রোরেল হবে, বিশাল পদ্মাসেতু হবে অনেকগুলো, দেশের অর্থনীতি অনেক বেড়ে গিয়েছে।
“কিন্তু কোনো ভিন্ন ধর্মাবলম্বী যদি মাথা নিচু করে বলে, ‘আমি ভালো নেই’, তাহলে এতে দেশ ভালো থাকা হবে না। আমাদের এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে- তারা যদি বলে, ভালো আছি তাহলে বোঝা যাবে দেশ ভালো চলতেছে। নির্বাচন আসলে তাদেরকে এই দুঃশ্চিন্তায় পড়তে হবে না, আমাদের বাড়িঘর ঠিক থাকবে, নাকি থাকবে না।”
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখক মুহাম্মদ জাফর ইকবাল।
