২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের সেনাপ্রধানের মনোভাব ইতিবাচক: রেডক্রস প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে রেড ক্রস প্রেসিডেন্ট পিটার মুরের বলেছেন, রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমারের সেনাপ্রধানের ‘ইতিবাচক’ মনোভাব দেখে এসেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2018, 11:34 PM

Updated : 19 Aug 2022, 02:14 PM

মিয়ানমার হয়ে বাংলাদেশে আসার পর বিশ্বের সর্ববৃহৎ দাতব্য সংস্থাটির প্রধান মুরের কক্সবাজার গিয়ে রোহিঙ্গাদের সার্বিক অবস্থা দেখে সোমবার সন্ধ্যায় ঢাকায় ফিরে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে সংসদ ভবনে যান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, “ইন্টারন্যাশনাল কমিটি অফ দি রেড ক্রসের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে বলেছেন, ‘রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে ওদের (মিয়ানমার) যে কমান্ডার ইন চিফ; তার অ্যাটিচিউডটা পজিটিভ’।

“তার এই কথা শুনে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আপনার কাছ থেকে এই কথা শুনে ভালো লাগল’।”

মিয়ানমারের রাখাইন প্রদেশে গত বছরের অগাস্টে সেনা অভিযান শুরুর পর নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে থাকে। তাদের মুখে উঠে আসে সেনাবাহিনীর হাতে নির্যাতনের চিত্র।

জাতিসংঘ ওই অভিযানকে ‘জাতিগত নির্মূল অভিযান’ বলে আসছে। আন্তর্জাতিক পর্যায়ে এ রোহিঙ্গা সঙ্কটকে এশিয়ার এ অঞ্চলে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় শরণার্থী সমস্যা হিসেবে দেখা হচ্ছে।

সমালোচনার মুখে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং দাবি করে আসছেন, রোহিঙ্গা নির্যাতনের ‘অতিরঞ্জিত তথ্য’ প্রচার করা হচ্ছে।

মুসলিম রোহিঙ্গাদের ‘বাঙালি’ আখ্যায়িত করে তাদের মিয়ানমারের নাগরিক হিসেবে গ্রহণ করতেও অরাজি হওয়ার কথা প্রকাশ পায় জেনারেল মিন অং হ্লাইংয়ের কথায়।

বিশ্বজুড়ে সমালোচনার মধ্যে শরণার্থী হিসেবে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত নিতে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের সঙ্গে চুক্তি করে মিয়ানমার।

মিয়ানমারের দিক থেকে নানা প্রশ্ন তুলে শরণার্থী প্রত্যাবাসন এখনও শুরু না হওয়ার মধ্যে দেশটির সেনাপ্রধানের ‘ইতিবাচক’ মনোভাব দেখার কথা বললেন রেড ক্রস প্রেসিডেন্ট।

প্রথম বাংলাদেশ সফরের আগে মিয়ানমারে গিয়ে দেশটির সেনাপ্রধান ছাড়াও বৌদ্ধ ধর্মগুরু এবং নাগরিক সমাজের নেতাদের সঙ্গে কথা বলেন মুরের।

Image
মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং

মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং

Image
রাখাইনে জ্বলছে রোহিঙ্গাদের গ্রাম (ফাইল ছবি-রয়টার্স)

রাখাইনে জ্বলছে রোহিঙ্গাদের গ্রাম (ফাইল ছবি-রয়টার্স)

সেখানে তিনি ১৩০টি রোহিঙ্গা গ্রাম ঘুরে দেখেন। গ্রামগুলোতে ধ্বংসচিত্র দেখে হতবাক হওয়ার কথাও বলেন তিনি।

রেড ক্রস প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানান, মিয়ানমারে এখনও প্রায় আড়াই লাখ রোহিঙ্গা রয়েছে।

বাংলাদেশে শরণার্থী হয়ে থাকা ১১ লাখ রোহিঙ্গার নিজ দেশে ফেরাতে রাখাইনে স্থিতিশীল পরিবেশ সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন তিনি।

মুরের বলেন, রোহিঙ্গাদের নিজ বাসভূমিতে ফেরাতে ইন্টারন্যাশনাল কমিটি অফ দি রেড ক্রস ‘সর্বোচ্চ চেষ্টা’ করবে।

রোহিঙ্গা সঙ্কট সামাল দিতে বাংলাদেশকেও সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

পুরনো খবর:

শরণার্থী সংখ্যা অতিরঞ্জিত: বর্মী সেনাপ্রধান
‘মিথ্যাচারে ইতিহাস পাল্টাতে চাইছেন’ মিয়ানমারের সেনাপ্রধান
রোহিঙ্গাদের বিরুদ্ধে ঐক্যের ডাক মিয়ানমার সেনাপ্রধানের
অভিযানের ছবি ‘লুকিয়েছে’ মিয়ানমার সেনাবাহিনী
মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক
রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলের চেষ্টায় মিয়ানমার: জাতিসংঘ
‘রোহিঙ্গা নির্মূলে’ ধর্ষণও মিয়ানমার সেনাদের অস্ত্র
রোহিঙ্গাদের চিরতরে বিদায়ের লক্ষ্য মিয়ানমারের সেনাদের: জাতিসংঘ