ঢাকায় খালে গোসলে নেমে নিখোঁজ ২
ঢাকার কামরাঙ্গীচর ও কেরানীগঞ্জের দুই খালে গোসল করতে নেমে দুইশিশুসহ তিনজন নিখোঁজ হওয়ার পর একজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রোববার দুপুরে নিখোঁজ অপর দুইজনকে উদ্ধারের জন্য তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
কামরাঙ্গীচর থানার ওসি শাহীন ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে লালবাগের নতুন থানার পাশে বেঁড়িবাধ এলাকায় খালে গোসল করতে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়।
“তাদের মধ্যে এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরেকজনকে উদ্ধারে ডুবুরিরা কাজ করছেন।”
উদ্ধার হওয়া পাঁচ বছর বয়সী ছেলেটির নাম হৃদয়। তার বাবার নাম সিকান্দার। তার সঙ্গী নিখোঁজ ইমনের বয়স ছয় বছর। তার বাবার নাম রজব আলী।
আধা ঘণ্টার ব্যবধানে অপর ঘটনাটি ঘটে পশ্চিম কেরানীগঞ্জ এলাকার খোলামুড়া ঘাট এলাকায়।
খালে গোসলে নেমে সাইফুল নামে (১৮) এক কলেজছাত্র নিখোঁজ হন। তার বাবার নাম মো. আমজাদ।
সেখানেও পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে বলে ওসি শাহীন ফকির জানান।
তিনি বলেন, ওই এলাকা কেরানীগঞ্জ থানায় পড়লেও দুই থানার পুলিশই তল্লাশিতে অংশ নিচ্ছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, “দুই জায়গায় তল্লাশিতে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।বাকি দুজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”
[সংশোধিত]
