কোটা আন্দোলন: ঢাবিতে সংঘর্ষ-হামলার চার মামলার প্রতিবেদন ২৩ জুলাই
সরকারি চাকরির কোটা সংস্কারের আন্দোলনের মধ্যে ঢাকা বিশ্বদ্যিালয়ের উপাচার্যের বাসভবনে হামলা, গাড়ি পোড়ানো, পুলিশের ওয়াকিটকি ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা চার মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন পিছিয়ে দিয়েছে আদালত। নতুন তারিখ ২৩ জুলাই।
সোমবার মামলাগুলোর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তারা তা পারেননি।
পরে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী নতুন তারিখ ঠিক করে দেন।
মামলাগুলো তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) জামিল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করার চেষ্টা করছি। তাদের ইন্ধনদাতাদের বিষয়েও খোঁজ নিচ্ছি।
“এসব নিশ্চিত হওয়ার পর অভিযোগপত্র দেওয়া হবে। যতদূর সম্ভব তাড়াতাড়ি প্রতিবেদন তৈরির চেষ্টা চলছে।”
গত ৮ এপ্রিল রাতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা শাহবাগ মোড় অবরোধ করলে পুলিশ তাদের রাবার বুলেট-কাঁদুনে গ্যাস ছুড়ে সরিয়ে দেয়। কিন্তু এরপর বিক্ষোভ আর সংঘাত ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে।
ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের সঙ্গে সারা রাত সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলে আন্দোলনকারীদের। এরই মধ্যে রাত দেড়টা থেকে ২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা চালিয়ে ভ্যাপক ভাঙচুর করা হয়।
উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় ১০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা একটি মামলা করেন।
আর পুলিশের বিশেষ শাখা (এসবি) ও শাহবাগ থানা পুলিশ আরও তিনটি মামলা করে।
চারটি মামলাতেই অজ্ঞাতদের আসামি করা হয়।
