২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে সংঘর্ষ-হামলার ঘটনায় চার মামলা

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষ এবং উপাচার্যের বাসায় হামলা-ভাংচুরের ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শাহবাগ থানায় চারটি মামলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2018, 08:26 PM

Updated : 11 Oct 2022, 12:16 PM

পুরনো খবর:

উপাচার্যের বাসভবনে তাণ্ডব
কোটা সংস্কার আন্দোলন: ঢাবিতে রাতভর সংঘাত
কোটা সংস্কারের আন্দোলন নিয়ে সংসদে প্রশ্ন
কোটা সংস্কার: সরকারের আশ্বাস, আন্দোলনে বিভক্তি

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মারুফ হোসেন সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপাচার্যের বাসায় হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি অভিযোগ দায়ের করেছে।

“এছাড়া পুলিশের বিশেষ শাখার (এসবি) পক্ষ থেকে করা একটি মামলাসহ মোট চারটি মামলা হয়েছে।”

উপ কমিশনার বলেন, এসব মামলার এজাহারে আসামির কারও নাম উল্লেখ করা হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা এসএম কামরুল আহসানের করা মামলায় উপাচার্যের বাসায় অনধিকার প্রবেশ, ক্ষতিসাধন এবং মালামাল লুটের অভিযোগ আনা হয়েছে। ক্ষতির পরিমাণ বলা হয়েছে দেড় কোটি টাকা।

কামরুল বলেন, উপাচার্যের দেওয়া বক্তব্য অনুযায়ী অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তি তার বাসায় এই হামলা ও লুটপাট চালায়।

উপাচার্যকে হত্যার উদ্দেশ্যে তারা হামলা চালায় বলে মামলায় বলা হয়েছে।

Image
আগুন দেওয়া হয় দুটি গাড়িতেও

আগুন দেওয়া হয় দুটি গাড়িতেও

এসবির পরিদর্শক হুমায়ুন কবীর বাদী হয়ে যে মামলা করেছেন, সেখানে ৯ এপ্রিল ভোর রাতে দোয়েল চত্বরের কাছে তার মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া এবং ওয়্যারলেস সেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

বাকি দুটি মামলা করেছেন শাহবাগ থানার উপ পরিদর্শক ভজন বিশ্বাস এবং উপ পরিদর্শক রবিউল ইসলাম। দুই মামলাতেই ক্যাম্পাসের আলাদা দুটি স্থানে রাস্তা অবরোধ, সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার রাতেই মামলাগুলো হয়েছে বলে মারুফ হোসেন সরদার দাবি করলেও সেই তথ্য প্রকাশ করা হয়েছে বুধবার রাতে সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য আসার পর।

ওই হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে প্রধানমন্ত্রী বিকালে সংসদে বলেন, “যারা ভাংচুর লুটপাটে জড়িত, তাদের বিচার হতে হবে। লুটের মাল কোথায় আছে, তা ছাত্রদেরই বের করে দিতে হবে।”

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা রোববার ঢাকার শাহবাগ মোড় অবরোধ করলে রাতে পুলিশ তাদের রাবার বুলেট-কাঁদুনে গ্যাস ছুড়ে সরিয়ে দেয়। কিন্তু এরপর বিক্ষোভ আর সংঘাত ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে।

Image
ভেঙে ফেলা হয় উপাচার্যের বাসভবনের আসবাবপত্র

ভেঙে ফেলা হয় উপাচার্যের বাসভবনের আসবাবপত্র

Image
উপাচার্যের বাসভবনের টেলিভিশনও ভেঙে ফেলে হামলাকারীরা

উপাচার্যের বাসভবনের টেলিভিশনও ভেঙে ফেলে হামলাকারীরা

ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের সঙ্গে সারা রাত সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলে আন্দোলনকারীদের। এরই মধ্যে রাত দেড়টা থেকে ২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা চালিয়ে ভ্যাপক ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলার সময় পাঁচ শতাধিক তরুণ সেখঅনে ছিল। তারা ভেতরে ঢোকে গেইট ভেঙে। তাদের অনেকেরই মুখ ছিল কাপড় দিয়ে ঢাকা।

দুই তলা ওই বাসভবনের ঘরে ঘরে ঢুকে জানালার কাচসহ প্রায় প্রতিটি আসবাবপত্র ও ভাঙার মত প্রায় সবকিছুই তারা ভেঙে ফেলে। এমনকি বাথরুম ও রান্নাঘরও তারা তছনছ করে। ভবনের সিসি ক্যামেরাগুলোও ভেঙে ফেলা হয়।

উপাচার্য আখতারুজ্জামান পরদিন সাংবাদিকদের বলেন, “আমার বাসায় যারা এসেছিল তারা মুখোশ পড়ে এসছিল। লাশের রাজনীতি করতে এসেছিল। প্রাণনাশের জন্য এসেছিল। দেশকে অস্থিতিশীল করতে এসেছিল।”

অন্যদিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়, ওই হামলা চালিয়েছে ‘বহিরাগত সন্ত্রাসীরা’। এর সঙ্গে আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই।