উপাচার্যের বাসভবনে তাণ্ডব
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্যে গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে তাণ্ডব চালানো হয়েছে।
রোববার রাতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘাত পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে রাত দেড়টা থেকে ২টার মধ্যে উপাচার্যের বাসভবনে ওই হামলার ঘটনা ঘটে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, পাঁচ শতাধিক তরুণ ওই হামলায় অংশ নেয়। তারা ভেতরে ঢোকে গেইট ভেঙে। তাদের অনেকেরই মুখ ছিল কাপড় দিয়ে ঢাকা।
দুই তলা ওই বাসভবনের ঘরে ঘরে ঢুকে জানালার কাচসহ প্রায় প্রতিটি আসবাবপত্র ও ভাঙার মত প্রায় সবকিছুই তারা ভেঙে ফেলে। এমনকি বাথরুম ও রান্নাঘরও তারা তছনছ করে। ভবনের সিসি ক্যামেরাগুলোও ভেঙে ফেলা হয়।
হামলার পর উপাচার্যের বাসভবনের রান্নাঘরের চিত্র। ছবি: আব্দুল্লাহ আল মমীন
উপাচার্যের বাসভবনে থাকা চারটি গাড়ির মধ্যে দুটি পুড়িয়ে দেওয়া হয়, দুটি ভাঙচুরের শিকার হয়। ভবনের সামনে কয়েকটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়।
তাণ্ডব থামার পর উপাচার্য মো. আখতারুজ্জামান সাংবাদিকদের সামনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। সরকার প্রধানকে তিনি সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
সোমবার সকালে সেখানে গিয়ে দেখা যায়, পুরো বাসভবন লণ্ডভণ্ড হয়ে আছে। মেঝেতে ছড়িয়ে আছে ভাঙা কাচ, ছড়িয়ে-ছিটিয়ে আছে কাগজপত্র।
ভবনের ফটক দিয়ে প্রবেশ করার পর থেকেই রাতের তাণ্ডবের চিহ্ন দেখা যায়। ফুলের গাছ ও টপ ভাঙা অবস্থায় ছড়িয়ে থাকতে দেখা যায় লনে। বাসভবনের সামনে কিছু চেয়ার-টেবিল পড়ে থাকতে দেখা যায় পোড়া অবস্থায়।
ভেঙে ফেলা হয় উপাচার্যের বাসভবনের আসবাবপত্র। ছবি: আব্দুল্লাহ আল মমীন
হলিক্রস কলেজের উচ্চ মাধ্যমিকের এ শিক্ষার্থী বলেন, গভীর রাতে যখন হামলা হয়, তিনিসহ পরিবারের অন্য চার সদস্য তখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন।
“আমার ইয়ার ফাইনাল পরীক্ষা চলছে, তাই পড়াশুনা নিয়ে ব্যস্ত ছিলাম। যখন হামলা হয়, তখন অনেক শব্দ আসছিল আশপাশ থেকে। আমি দেখলাম, মানুষ গেইট ভেঙে ঢোকার চেষ্টা করছে। পরে তো ওরা ঢুকে পড়ল। ওরা অনেকক্ষণ ছিল।”
পুড়ে যাওয়া দুটি গাড়ি। ছবি: আব্দুল্লাহ আল মমীন
হামলাকারীদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র না থাকলেও লাঠি ও হকিস্টিক ছিল জানিয়ে তিনি বলেন, বাসার সব জিনিসপত্র ভাঙচুড় করা হলেও তাদের পরিবারের কেউ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হননি।
সকালে সাংবাদিকদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও উপাচার্যের বাসভবনে আসেন পরিস্থিতি দেখতে। তাণ্ডবের ভয়াবহতা দেখে তারা বিস্ময় প্রকাশ করেন।
উপাচার্য আখতারুজ্জামান সকালে নিজের কার্যালয়ে এসে সাংবাদিকদের বলেন, “আমার বাসায় যারা এসেছিল তারা মুখোশ পড়ে এসছিল। লাশের রাজনীতি করতে এসেছিল। প্রাণনাশের জন্য এসেছিল। দেশকে অস্থিতিশীল করতে এসেছিল।”
