কোটা সংস্কার আন্দোলন: ঢাবিতে রাতভর সংঘাত
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের রাতভর সংঘাত চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
এর মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ রোববার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে ঢুকে তাণ্ডব চালিয়েছে।
সারা রাতের সংঘাতে আহত হয়ে দেড়শর বেশি আন্দোলনকারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য করে ছাত্রলীগ গুলি ছুড়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
সরকারের তরফ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও তাতে সাড়া দেয়নি আন্দোলনরত শিক্ষার্থীরা।
সারা রাত ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘাত-সংঘর্ষের পর সোমবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সরকারি চাকরিতে নিয়োগে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বেশ কিছু দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’।
গত ১৪ মার্চ তারা ৫ দফা দাবিতে স্মারকলিপি দিতে সচিবালয় অভিমুখে যেতে চাইলে পুলিশি ধরপাকড় ও আটকের শিকার হন।
তারপর নানা কর্মসূচি পালনের পর রোববার পদযাত্রার কর্মসূচি দিয়ে শাহবাগে অবস্থান নেয় তারা। বেলা আড়াইটার দিকে পাবলিক লাইব্রেরির সামনে তারা সমবেত হয়।
তারা সাড়ে চার ঘণ্টা গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখানোর পর রাত পোনে ৮টার দিকে পুলিশ লাঠিপেটা ও রাবার বুলেট-কাঁদুনে গ্যাস ছুড়ে তাদের উঠিয়ে দেয়।
ক্যাম্পাস রণক্ষেত্র
পুলিশ শাহবাগ থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেওযার পর বিক্ষোভ ছড়িয়ে পড়তে শুরু করে। শিক্ষার্থীরা চারুকলার দিকে চলে যায় এবং সেখান থেকে পুলিশের দিকে ইট পাটকেল মারতে থাকে। পুলিশও টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়া চালিয়ে যায়।
মধ্যরাতের পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ব্যপারে অবগত আছেন।
প্রধানমন্ত্রী দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আন্দোলনকারীদের সাথে সোমবার সকাল ১১টায় বসার নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।
তবে তার কথায় আন্দোলনকারীরা ক্ষান্ত হয়নি। পুলিশের সঙ্গে দফায় দফায় তাদের ধাওয়া পাল্টা ধাওয়া চলে। কয়েক হাজার শিক্ষার্থীকে এই আন্দোলনে দেখা যায়।
ছাত্রীরা টিএসসিতে
রাজু ভাস্কর্য থেকে জাতীয জাদুঘর পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যেই রাত সাড়ে ১২টার দিকে এক ছাত্র মারা যাওয়ার গুজব ছড়ানো হয়। তবে পরে এর সত্যতা পাওয়া যায়নি।
বিক্ষোভরত শিক্ষার্থীরা সে সময় অভিযোগ করেন, ছাত্রলীগে নেতারা হলগুলোতে ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে, কাউকে বের হতে দিচ্ছে না।
এরই মধ্যে রাত দেড়টার দিকে কুয়েত মৈত্রী হল, সুফিয়া কামাল হলের মেয়েরা গেইট ভেঙে বের হযে আসেন। রোকেয়া ও শামসুনান্নাহার হলে গিয়ে সেখান থেকেও তারা ছাত্রীদের বের করে আনেন।প্রায় পাঁচ শতাধিক ছাত্রী মিছিল নিয়ে জড়ো হন টিএসসিতে।
পুলিশের রাবার বুলেটে বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বঙ্গবন্ধু হলের আবু বকর সিদ্দিককে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার চোখের কোনে জখম হয়েছে। এছাড়া আরও কয়েকজনকে রাবার বুলেটের আঘাত নিয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে দেখা যায়।
এরই মধ্যে একদল ছাত্র উপাচার্যের বাসভবনে গিয়ে ব্যাপক ভাঙচুর চালালে
বিভিন্ন হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে রাত সোয়া ২টার দিকে লাঠি ও রড নিয়ে টিএসসিতে আন্দোলনকারীদের ধাওয়া দেয়। সে সময় তাদের পিটুনির শিকার হয় আন্দোলনকারীরা।
রাত ৩টার দিকে প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বিভিন্ন ছাত্রী হরের প্রভোস্ট ও সহকারী প্রক্টরদের নিয়ে টিএসসিতে যান।
তিনি টিএসসির ভেতরে ঢুকে ছাত্রীদের সঙ্গে কথা বলেন এবং পূর্ণ নিরাপত্তা দিয়ে তাদের হলে ফেরত পাঠানোর কথা বলেন। কিন্তু ছাত্রীরা তখন আন্দোলন ছেড়ে হলে ফিরতে অস্বীকার করে।
ছাত্রীরা টিএসসিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিরে প্রক্টর বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, “তাদের যাতে নিরপাদে হলে পৌঁছে দেওয়া যায়, আমরা সেই ব্যবস্থা করেছি। কিন্তু ছাত্রীরা এখন পর্যন্ত রাজি হচ্ছে না।”
পরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘাত ছড়িয়ে পড়ে কার্জন হল ও শহীদুল্লাহ হলের দিকে। সকাল ৬টার দিকে টিএসসি থেকে আন্দোলনকারী ছাত্রীদের হলে পাঠিয়ে দেওয়া হয়।
ভিসি বাংলোয় তাণ্ডব
মধ্যরাতে সংঘাত পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ার পর গত রাত দেড়টা থেকে ২টার মধ্যে একদল আন্দোলনকারী উপাচার্যের বাসভবনে হামলা চালায়।
দুই তলা ওই বাসভবনের ঘরে ঘরে ঢুকে জানালার কাচসহ প্রায় প্রতিটি আসবাবপত্র ও ভাঙার মত প্রায় সবকিছুই তারা ভেঙে ফেলে। এমনকি বাথরুম ও রান্নাঘরও তারা তছনছ করে। ভবনের সিসি ক্যামেরাগুলোও ভেঙে ফেলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ শতাধিক আন্দোলনকারীকে এই তাণ্ডবে অংশ নিতে দেখা যায়। তাদের একটি অংশ বাসভবনের সামনে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে।
তাদের কেউ কেউ উপাচার্যের দিকেও মারমুখী হয়ে তেড়ে যাওয়ার চেষ্টা করে। উপাচার্যের পরিবারের সদস্যরা তার আগেই পেছনের দরজা দিয়ে বেরিয়ে গিয়েছিলেন বলে একজন কর্মচারী তখন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তাণ্ডব থামার পর উপাচার্য মো. আখতারুজ্জামান সাংবাদিকদের সামনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। সার্বিক পরিস্থিতি জানিয়ে তিনি বলেন, “আমার পরিবার কোথায় আমি এখনও নিশ্চিত নই।”
দোয়েল চত্বরে সংঘাত
উপাচার্যের বাসভবানে হামলার সময় ফুলার রোডে মুনীর চৌধুরী ভবনের গ্যারেজে রাখা চারটি গাড়িও ভাঙচুর করা। আর বাসভবনের সামনে ছাত্রলীগের দুই নেতার মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়।
পরে ছাত্রলীগ নেতাকর্মীরা এসে ধাওয়া দিয়ে ভিসি চত্বর থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। ধাওয়ায় পিছু হটে আন্দোলনকারীরা টিএসসির দিকে সরে যায়। ওই সময় পুলিশ শাহবাগের দিক থেকে ধাওয়া শুরু করলে আন্দোলনকারীরা বাংলা একোডেমির দিকে চলে যায়। পরে তারা অবস্থান নেয় কার্জন হলের ভেতরে।
রাত পৌনে ৫টার দিকে র্যাবের ৫০ থেকে ৬০টি গাড়ি শঅহবাগ দিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করে এবং রোকেয়া হল থেকে ভিসির বাসভবনের মধ্যে অবস্থান নেয়।
আন্দোলনকারীরা তখনও কার্জন হলের ভেতর থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষ চালিয়ে যাচ্ছিল। ভেতর থেকে তাদের ছোড়া ঢিলের জবাবে দোয়েল চত্বরের দিক থেকে থেমে থেমে টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়তে থাকে পুলিশ। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে কাঁদুনে গ্যাসের ঝাঁঝ। পরে কার্জন হল থেকে আন্দোলনকারীরা শহীদুল্লাহ হলের দিকে চলে যায়।
ভোরে সংঘাত শহীদুল্লাহ হলে
ভোর সাড়ে ৫টার দিকে পুলিশের একটি দল ঢাকা মেডিকেলের দিকে গিয়ে জরুরি বিভাগের ফটকের কাছে থাকা সব দোকান বন্ধ করে দিয়ে উৎসুক জনতাকে সরিয়ে দেয়। পরে তারা চানখাঁর পুলের মোড়ের কাছে অবস্থান নেয়। পুলিশের আরেকটি দল তখনও দোয়েল চত্বরে অবস্থান নিয়ে ছিল।
ভোর ৫টা ৫০ এর দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সভাপতি সাইফুর রহমান সোহাগ , সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের নেতৃত্বে তিন শতাধিক ছাত্রলীগ কর্মী রড ও লাঠি নিয়ে মধুর ক্যান্টিন থেকে শহীদুল্লাহ হলের দিকে যায়।
সেখানে অবস্থান নিয়ে থাকা আন্দোলনকারীদের ছাত্রলীগ কর্মীরা নির্বিচারে পেটাতে শুরু করে। পুলিশও তখন হলের দিকে টিয়ার শেল ছুড়তে শুরু করে।
প্রথমে আন্দোলনকারীরা পিছু হটে হলের ভেতরে চলে যায়। কিন্তু সংখ্যায় বেশি হওয়ায় তারা আবার সংগঠিত হয়ে বাইরে থাকা ছাত্রলীগ কর্মীদের ধাওয়া দিলে পুলিশ ও ছাত্রলীগ কর্মীরা দোয়েল চত্বরের দিকে পিছিয়ে যায়।
এ সময় কয়েকজন ছা্ত্রলীগ কর্মীকে আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালাতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পুলিশ ও ছাত্রলীগ দোয়েল চত্বরের দিকে চলে গেলে আন্দোলনকারীরা শহীদুল্লাহ হলের সামনে অবস্থান নেয়। সকাল সাড়ে ৭টার পর তিন নেতার মাজারের দিকে থাকা পুলিশ আবার ধাওয়া দিলে তারা শহীদুল্লাহ হলের ভেতরে ঢুকে যায়।
