২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবনের অনুমোদন পাইয়ে দিতে টাকা নিয়ে দুদকের হাতে ধরা

বহুতল ভবন নির্মাণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন পাইয়ে দেওয়ার কথা বলে হাতিয়ে নেওয়া দুই লাখ টাকাসহ একজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2018, 09:27 PM

Updated : 19 Aug 2022, 02:09 PM

তরুণ প্রামানিক (৩৫) নামের ওই ব্যক্তিকে বৃহস্পতিবার বিকালে মহাখালীতে রাজউকের আঞ্চলিক কার্যালয়ের সামনে থেকে করে দুদকের একটি দল।

দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার আভিযানে নেতৃত্ব দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকে একটি আট তলা ভবন নির্মাণের অনুমতি করিয়ে দেওয়ার কথা বলে মুহিবুল আল কায়সার নামের একজনের থেকে দুই লাখ টাকা আদায় করে তরুণ। এই সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

ঘটনাস্থলে থাকা মুহিবুল আল কায়সার বলেন, “নভেম্বরে বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকে একটি আটতলা ভবন নির্মাণের জন্য কয়েকজন মিলে উদ্যোগ নিই। সেজন্য রাজউকের পরিকল্পনা পাস করার দরকার ছিল। কাজটি করিয়ে দেওয়ার কথা বলে তরুণ প্রামানিক দুই লাখ টাকা দাবি করেছিলেন।

“বিষয়টি দুদককে জানানোর পর তাদের নিয়ে অভিযান চালানোর পর হাতেনাতে তরুণকে আটক করা হয়েছে।”

দুদকের পরিচালক নাসিম আনোয়ার বলেন, “আমরা প্রাথমিকভাবে অভিযোগ পেয়েছি তরুণ নিজেকে রাজউকের কর্মকর্তা পরিচয় দিতেন। পরে জানতে পারি তিনি রাজউকের কোনো দায়িত্বে নেই।”

এ বিষয়ে রাজউক (জোন-৪) পরিচালক খন্দকার ওয়ালিউর রহমান বলেন, “তরুণ নামের কেউ আমাদের কর্মকর্তা নন। সে রাজউকের কারো নাম ব্যবহার করতে পারে, তবে আমাদের অফিসের কেউ দুর্নীতির সাথে কোনোভাবেই জড়িত নন।”

এ ঘটনায় আটক তরুণ প্রামানিকের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেছে দুদক।