২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ সম্পদ: বাপেক্সের জিএম ও স্ত্রীর বিরুদ্ধে মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্সের হিসাব ও অর্থ শাখার মহাব্যবস্থাপক (জিএম) একেএম আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2018, 05:49 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

মঙ্গলবার রাজধানীর রমনা থানায় দুদকের উপ-পরিচালক মো. হেলাল উদ্দিন শরীফ এ মামলা করেন বলে কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

আসামিদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ১০ লাখ ৯৩ হাজার ৯২৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এছাড়াও কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে তারা চার লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন উল্লেখ করে মামলায় দুদক আইন-২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়, আসামি ফরিদা ইয়াসমিন ২০০৫-০৬ করবর্ষে রিটার্ন দাখিল ‍শুরু করেন। তিনি ২০০৫-০৬ থেকে ২০১৫-১৬ করবছর পর্যন্ত ৪৯ লাখ ৮২ হাজার ৫৫২ টাকা আয় করেছেন এবং এ সময়ে তিনি ছয় লাখ ২২ হাজার ৩১২ টাকা ব্যয় করেছেন।

কিন্তু দুদকের অনুসন্ধানে তার নামে স্থাবর, অস্থাবর ও গোপনসহ মোট এক কোটি ৫৪ লাখ ৫৪ হাজার ১৬৪ টাকার সম্পদ পাওয়া যায়।

অন্যদিকে একেএম আনোয়ারুল ইসলাম স্ত্রী ফরিদা ইয়াসমিনের নামে প্রাপ্ত এক কোটি ১০ লাখ ৯৩ হাজার ৯২৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতা এবং চার লাখ টাকার সম্পদ গোপন করে মিথ্যা তথ্য দিতে সহযোগিতা করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

পুরনো খবর:

সম্পদের তথ্য গোপন: বাপেক্স জিএমের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন