জেনেভা ক্যাম্পের ‘শীর্ষ মাদক ব্যবসায়ী’ পটুয়াখালীতে গ্রেপ্তার
ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের তালিকাভুক্ত এক ‘শীর্ষ মাদক ব্যবসায়ীকে’ পটুয়াখালীতে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাতে এই ক্যাম্পের তালিকাভুক্ত ‘শীর্ষ মাদক ব্যবসায়ী’ পাচুকে তার স্ত্রীসহ পটুয়াখালীতে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তাকে ঢাকায় আনা হচ্ছে।
পাচুকে মতিঝিল থানার একটি মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জানিয়ে একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, গত এপ্রিলে প্রায় দুই লাখ ইয়াবার একটি চালান ধরেছিল গোয়েন্দা পুলিশ। এই মামলার প্রধান আসামি পাচু।
এ বিষয়ে জানতে চাইলে মতিঝিল থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ”ইয়াবা উদ্ধারের ওই মামলা ঢাকা মহানগর কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করছে। পটুয়াখালী পুলিশকে বলেছি কাউন্টার টেররিজম ইউনিটের সাথে যোগাযোগ করতে।
“তারাই আসামি পাচুকে পটুয়াখালী থেকে নিয়ে আসবে বলে জানতে পেরেছি।”
পুলিশ কর্মকর্তারা বলছেন, পাচু ও তার স্ত্রীর বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর থানায় ১০টি মাদক মামলার তদন্ত চলছে। এর বাইরে আরও দশের অধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে তল্লাশি চালিয়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকার অভিযোগে অনেককে আটক করে র্যা ব।
ঢাকার এই বিহারী ক্যাম্পের ‘শীর্ষ মাদক ব্যবসায়ীদের’ অন্যতম নাদিম ওরফে পঁচিশের অবস্থানের খবর পেয়ে শনিবার সেখানে অভিযান চালিয়ে বিফল হয় পুলিশ।
উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যাম্পে পঁচিশের অবস্থান জানার পরপরই সেখানে যায় পুলিশ, কিন্তু পঁচিশকে জেনেভা ক্যাম্পে পাওয়া যায়নি।
“সে অত্যন্ত চালাক। কৌশলে পালিয়ে যায়।”
গত ২৬ মে ওই ক্যাম্পে কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে চার নারীসহ ১৫৩ জনকে গ্রেপ্তার করে র্যাব। ওই দিন গ্রেপ্তারদের মধ্যে ক্যাম্পের তালিকাভুক্ত ৯০ মাদকব্যবসায়ীর মধ্যে ৩৬ জন ছিলেন বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
ওই অভিযানের পর থেকে ক্যাম্পের ভেতরে-বাইরে বেশ কিছু যুবককে দেখা যাচ্ছে যারা নিজেদের মাদকবিরোধী বলে পরিচয় দিচ্ছেন।
তারা এরইমধ্যে ক্যাম্পে ‘ইয়াবা কিনতে আসা’ কয়েকজনকে ধরে পুলিশে সোর্পদ করেছেন বলে বিপ্লব কুমার সরকার জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেনেভা ক্যাম্পে এখন মাদক কেনাবেচা নেই। সাদা পোশাকে পুলিশ কাজ করছে। পাশাপাশি পঁচিশসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
