২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মহানগর পুলিশ দিতে সংসদে বিল পাস

অন্যান্য সিটি করপোরেশন এলাকার মত গাজীপুরে মহানগর পুলিশ দিতে আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে সংসদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2018, 09:44 PM

Updated : 08 Apr 2022, 06:12 PM

বুধবার ‘গাজীপুর মহানগরী পুলিশ বিল-২০১৮’ পাসের প্রস্তাব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।  পরে তা কণ্ঠভোটে পাস।

এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবগুলোর নিষ্পত্তি করা হয়। এই বিলের ওপর কোন সংশোধনী প্রস্তাব ছিলো না।

গত ১১ ফেব্রুয়ারি বিলটি সংসদে তোলার পর পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

আর ২০১৩ সালে সিটি করপোরেশন হওয়া গাজীপুরের প্রায় ৩৩০ বর্গকিলোমিটার এলাকায় প্রায় ২০ লাখ মানুষের বসবাস।

বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি উল্টোপথে গাড়ি চালালে, অননুমোদিত স্থানে গাড়ি রাখলে এবং অযথা যানবাহন দাঁড় করিয়ে জনগণের যাতায়াতে বিঘ্ন ঘটালে দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া যাবে।

এছাড়া ফুটপাতে গাড়ি চালালে বা গাড়ি রাখলে এক থেকে দুই হাজার টাকা জরিমানা হবে।

নারীদের উত্ত্যক্ত করার অপরাধে প্রস্তাবিত আইনে দণ্ড নির্ধারণ করে দেওয়ার হয়েছে।

কোনো ব্যক্তি রাস্তা বা হাটবাজার, মেলা বা শপিংমলসহ সর্ব সাধারণের ব্যবহার্য কোনো স্থানে অথবা গৃহ অভ্যন্তরে বা ঘরের বাইরে কোনো নারীকে দেখিয়ে বা দেখানোর উদ্দেশ্যে নিজের অঙ্গ-প্রত্যঙ্গ প্রদর্শন করলে অথবা ইচ্ছাকৃতভাবে কোনো নারীর পথরোধ করলে বা তার শরীরের কোনো স্থান স্পর্শ করলে বা অশালীন বাক্য বা শব্দ বা মন্তব্য বা অঙ্গভঙ্গি করে তাকে উত্ত্যক্ত করলে এক বছরের কারদণ্ড, কমপক্ষে পাঁচ হাজার টাকা জরিমানা বা সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা করা যাবে।