২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর, খুলনা সিটির ভোটের পোস্টার-ব্যানার সরানোর নির্দেশ

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারণার সব ধরনের উপকরণ সরাতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2018, 11:34 AM

Updated : 19 Aug 2022, 01:53 PM

বৃহস্পতিবারের মধ্যে প্রার্থীদের নিজেদের উদ্যোগে এসব সরাতে হবে। তা না হলে সিটি করপোরেশনকে তা করতে বলা হয়েছে।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান মঙ্গলবার দুই সিটির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি পাঠিয়ে এই নির্দেশের কথা জানিয়েছেন।

১৫ মে ভোট হবে দুই সিটিতে। এরই মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী ১২ এপ্রিল মনোনয়ন দাখিলের শেষ সময় রয়েছে।

৩১ মার্চ গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

তফসিল ঘোষণার একসপ্তাহের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারণামূলক সব ধরনের নির্বাচনী সামগ্রী নিজ উদ্যোগে সরাতে বললেও তা আমলে নেয়নি অনেকেই। দুই সিটির বিভিন্ন এলাকায় এখনো আগাম পোস্টার ও প্রচার সামগ্রী  রয়ে গেছে। এজন্য এবারে সিটি করপোরেশনকে নিজস্ব বাজেট বরাদ্দ থেকে আগাম প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে ইসি।

সিটি করপোরেশনের সিইওর কাছে চিঠিতে বলা হয়েছে, গাজীপুর ও খুলনা সিটির নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, বিলবোর্ড, তোরণ, প্যান্ডেল, আলোকসজ্জা, দেয়াল লিখনসহ সব প্রচারসামগ্রী ও নির্বাচনী ক্যাম্প ৮ এপ্রিলের মধ্যে সরাতে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু এরপরেও গাজীপুর-খুলনার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার সামগ্রী বিদ্যমান রয়েছে।

“এজন্য সিটি করপোরেশনের বাজেট বরাদ্দ থেকে ব্যয় নির্বাহের মাধ্যমে প্রচার সামগ্রী অপসারণ করতে বলা হচ্ছে। ১২ এপ্রিল রাত ১২টার মধ্যে অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ইসিকে অবহিত করতে হবে।”

ইসির কর্মকর্তারা বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রচার সামগ্রী না সরালে প্রার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দেওয়া হবে। নির্ধারিত সময়ের পর কোনো প্রার্থীর পোস্টার-ব্যানার দেখা গেলে সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা অনুযায়ী তা হবে শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির সর্বোচ্চ ছয় মাস কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে নির্বাচন কমিশন প্রার্থিতাও বাতিল করতে পারে।

গাজীপুরে নৌকা জাহাঙ্গীরকে, খুলনায় আগের খালেকই

গাজীপুরে বিএনপির প্রার্থী হাসান, খুলনায় মঞ্জু  

গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন ১৫ মে