বর্ষবরণে ‘বিশ্বায়নের বাস্তবতায় শেকড়ের সন্ধান’ করবে ছায়ানট
বিশ্বমানব হওয়ার লক্ষ্যে শাশ্বত বাঙালি হওয়ার প্রত্যয়ে এ বছর ছায়ানটের নববর্ষ বরণের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘বিশ্বায়নের বাস্তবতায় শেকড়ের সন্ধান’।
সমাজের রন্ধ্রে-রন্ধ্রে সাম্প্রদায়িকতার বিষবাষ্প, সামাজিক অনাচারের বিপরীতে তরুণ প্রজন্মের মধ্যে আত্মশক্তির জাগরণ ঘটাতে এমন প্রতিপাদ্য নির্ধারণ হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানাল ছায়ানট।
সাম্প্রতিক সময়ে হত্যা-ধর্ষণের ঘটনাগুলোকে ‘সামাজিক বিকারগ্রস্ততার প্রকট প্রতিচ্ছবি’ হিসেবে উল্লেখ করে ছায়ানটের কর্তাব্যক্তিরা বলেছেন, তরুণদের শেকড়ে ফেরানোর মন্ত্রে উজ্জ্বীবিত করা গেলে রুখে দেওয়া যাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা।
মঙ্গলবার বিকালে ছায়ানট ভবনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছায়ানট সভাপতি সন্জীদা খাতুন, নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী, সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল ও সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা।
রীতি অনুযায়ী এবারও বাংলা নতুন বছরের সূচণা হবে ছায়ানটের প্রভাতী আয়োজনের মধ্য দিয়ে। সুরে আর আবৃত্তিতে বিশ্বায়নের বাস্তবতায় শিকড়ের সন্ধান করবে দেশের ঐতিহ্যবাহী এই সাংস্কৃতিক সংগঠনটি। যার সূচণা হবে বাঁশিতে ভোরের রাগালাপের মধ্য দিয়ে। প্রায় দেড়শতাধিক শিল্পীর দুই ঘণ্টার প্রভাতী এ আয়োজন শুরু হবে সকাল সোয়া ৬টায়।
দেড়শতাধিক শিল্পীর অংশগ্রহণে দুই ঘণ্টার কিছু বেশি ব্যপ্তিকালের অনুষ্ঠান শেষ হবে সকাল সাড়ে ৮টা নাগাদ। এ আয়োজনে থাকবে ১৬টি একক গান, ১২টি সম্মেলক গান, ২টি আবৃত্তি।ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুনের নতুন বছরের আবাহনী কথন দিয়ে শেষ হবে অনুষ্ঠান।
চলছে বর্ষবরণ অনুষ্ঠানের প্রস্তৃতি
ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী বলেন, “ছায়ানট স্থির প্রত্যয়ে যাত্রা শুরু করেছিল। লক্ষ্য ছিল, বাঙালি যেন পরিপূর্ণ বাঙালি হয়ে ওঠে। শুভবুদ্ধির জাগরণে পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে। এ লক্ষ্যেই ছায়ানট প্রতিষ্ঠা, বর্ষবরণের অনুষ্ঠান আয়োজন।”
তিনি বলেন, “বিশ্বায়নের যুগে জাতীয় সংস্কৃতি হুমকির মুখে। তবে আমরা চাই আকাশপানে তাকালেও আমাদের পদযুগল যেন বাংলার মাটিতে থাকে। বাঙালি যেন পরিপূর্ণ বাঙালি হয়ে উঠে।”
পাকিস্তানি আমলের বৈরী পরিবেশে ১৯৬১ সালে রবীন্দ্র জন্মশতবার্ষিকীর আয়োজনকে কেন্দ্র করে ছায়ানটের যাত্রার সূচনা হয়। সেই থেকে পাঁচ দশক ধরে বাংলা বছরের প্রথম লগ্ন পহেলা বৈশাখের প্রত্যুষে রমনার বটমূলে নববর্ষ বরণের আয়োজন করছে ছায়ানট।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পহেলা বৈশাখের আগে ১৩ এপ্রিল বিকাল ৩টায় রমনা বটমূলে থাকবে মঞ্চ মহড়া।
ছায়ানটের শিল্পী-কর্মীদের জন্য বটমূল সংলগ্ন সামান্য জায়গা ছাড়া পুরো অঙ্গনই থাকছে সবার জন্য উন্মুক্ত। বর্ষবণের আয়োজন সুষ্ঠু রাখতে সার্বক্ষণিক সহায়তা দিবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রতিবারের মতো এবারো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার। পুরো অনুষ্ঠান সরাসরি দেখা যাবে ছায়ানটের ইউটিউব চ্যানেলে।
