২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিস্তানে অস্ত্র উঁচিয়ে গুলি: দেড় বছরেও শেষ হয়নি তদন্ত

ঢাকার গুলিস্তানে ফুটপাতের হকারদের উচ্ছেদের সময় দুই ছাত্রলীগ নেতার অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনায় মামলা করলেও দেড় বছরেও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2018, 07:10 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

তদন্ত শেষ না হওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি না পাওয়াকে কারণ দেখিয়েছেন মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা পল্টন  থানার এসআই ওবায়েদুর রহমান।

মঙ্গলবার ধার্য দিনে তিনি আদালতে তদন্ত প্রতিবেদন দিতে ব্যর্থ হওয়ার পর ঢাকার মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী আগামী ১৫ এপ্রিল নতুন তারিখ ঠিক করে দিয়েছেন।

নথিপত্রে দেখা যায়, ২০১৬ সালের এই মামলায় এই পর্যন্ত ১৭ বার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে।

দেরির কারণ জানতে চাইলে এসআই ওবায়েদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা সাপেক্ষে এ মামলার তদন্ত প্রতিবেদন দিতে দেরি হয়ে যাচ্ছে।”

এই মামলার আসামির তালিকায় ছাত্রলীগের দুই নেতাসহ চারজনের নাম রয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়।

এজাহারভুক্ত আসামি ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন রাসেল এবং ওয়ারি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমানকে মামলার পর সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল।

রাসেল জামিন নিয়ে পলাতক এবং আশিকুর জামিন নিয়ে আদালতে হাজিরা দিচ্ছেন বলে জানান সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কার্যালয়ের পুলিশ সদস্য মো. জাহিদ।

২০১৬ সালের ২৭ অক্টোবর গুলিস্তানের ফুটপাত থেকে হকার উচ্ছেদের সময় হকারদের সঙ্গে সিটি কর্পোরেশনের কর্মচারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। তখন সিটি কর্পোরেশনের কর্মীদের সঙ্গে থাকা রাসেল ও আশিকের অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি ছোড়ার ছবি গণমাধ্যমে আসে।

ঘটনাটি তখন আলোড়ন তোলার পর শাহবাগ থানার এসআই আব্দুল মান্নান বাদী হয়ে মামলা করেন। তাতে রাসেল ও আশিকের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ করা হয়।

একই ঘটনায় মহানগর নাট্যমঞ্চের পাশের ফুটপাতের দোকানি মো. সিরাজ বাদী হয়ে পল্টন থানায় আরেকটি মামলা করেন।

তখন আওয়ামী লীগের নেতারা বলেছিলেন, অস্ত্রধারী যে দলেরই হোক কেন, তারা ছাড় পাবেন না।  

পুরনো খবর:

অস্ত্রধারী দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ‘হত্যাচেষ্টার’ মামলা
অস্ত্র উঁচিয়ে গুলি: বহিষ্কৃত সেই দুই ছাত্রলীগ নেতাকে রিমান্ডে পায়নি পুলিশ